বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে পৌর এলাকার ঝিকড়া পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। খুনের অভিযোগে পুলিশ বড় ভাইকে আটক করেছে।
পুলিশের ভাষ্য, এই দুই ভাই মাদকাসক্ত ছিল।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহম্মেদের তথ্যমতে, গতকাল রাতে ঝিকড়া পশ্চিমপাড়া মহল্লার দুলাল হোসেনের দুই মাদকাসক্ত ছেলে শাকিল মিয়া (১৮) তাঁর ছোট ভাই সোহাগ মিয়ার (১৬) সঙ্গে পারিবারিক ঘটনা নিয়ে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে শাকিল রান্নাঘর থেকে বঁটি নিয়ে সোহাগের গলায় কোপ দেন। এতে সে আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোহাগকে উদ্ধার করে। সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আকরামুজ্জামান প্রথম আলোকে বলেন, হাসপাতালে সোহাগ মিয়াকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার গলায় ক্ষত ছিল।