বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন!

বাড়ির সীমানা নিয়ে দুই সহোদরের দ্বন্দ্বে খুন হয়েছেন ছোট ভাই। নিহত ব্যক্তির নাম নিজাম উদ্দিন (২৬)। পুলিশ জানায়, বিরোধের জেরেই গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইনাতনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন সিলেট পুলিশ লাইনসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে ইনাতনগর গ্রামের জামাল উদ্দিন ও নিজাম উদ্দিনের মধ্য বিরোধ ছিল। দুই ভাইয়ের মধ্যে জামাল উদ্দিন বড়। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এ সময় জামাল উদ্দিন লাঠি দিয়ে নিজাম উদ্দিনের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় নিজাম উদ্দিন মারা যান।
প্রতিবেশী তমিজ উদ্দিন জানান, দুই ভাইয়ের ঝগড়া শুনে সেখানে গিয়ে দেখেন নিজাম উদ্দিন মাটিতে পড়ে আছেন। তাঁর মাথা থেকে রক্ত ঝরছে। এ সময় জামাল উদ্দিন দৌড়ে পালিয়ে যান। তিনি আরও জানান, নিজাম উদ্দিন বিবাহিত, এক বছর বয়সী এক কন্যা আছে তাঁর।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ আজ শুক্রবার জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিজাম উদ্দিনের লাশ এখনো সিলেট এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। ময়নাতদন্ত শেষে সুনামগঞ্জে নিয়ে আসা হবে। জামাল উদ্দিন পলাতক রয়েছেন। তাঁকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।