বড় ভাইয়ের হাতে বোন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝাইড়া মন্ডলেরটোলা গ্রামে গত রোববার সাহেব আলী (২৮) নামের এক তরুণের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর ছোট বোন (১৮) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাহেব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই দুজনের বাবার নাম জিল্লার রহমান। গতকাল সোমবার তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সাহেব আলীকে আসামি করে হত্যা মামলা করেছেন। তিনি বলেন, তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন। মেয়েটি বাক্ ও বুদ্ধিপ্রতিবন্ধী ছিল।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নিজ বাড়িতে সাহেব আলী হঠাৎ ধারালো অস্ত্র (হাঁসুয়া) দিয়ে ছোট বোন দুলালীর ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুলালীর। এ সময় বাড়িতে আর কেউ ছিল না। খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ সময় সাহেবকে আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।