বড় হামলার পরিকল্পনা ছিল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকা থেকে জঙ্গি সন্দেহে চার যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আটক যুবকেরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। সীতাকুণ্ডের একটি কারখানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের হামলা চালাতে চেয়েছিলেন তাঁরা। আটকের পর তাঁদের তথ্যের ভিত্তিতে বাড়বকুণ্ড এলাকার একটি বাড়ি থেকে আটটি চাপাতি ও তলোয়ার উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও পাবনায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর সুনামগঞ্জের ধরমপাশায় এক যুবককে জঙ্গি সন্দেহে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
সীতাকুণ্ডে আটক চার যুবক হলেন মুসাব ইবনে ওমায়েদ (২৫), মোহাম্মদ শিপন ওরফে ফয়সল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মোহাম্মদ ইসলাম (৪০)। গত রোববার রাতে তাঁদের আটক করা হয়। গতকাল সোমবার বিকেলে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করে পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে ওই চারজনের গতিবিধি নজরদারি করা হচ্ছিল বলে জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ (উত্তর) মো. মোস্তাফিজুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার পর সীতাকুণ্ডের গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল আটক জঙ্গিদের। চারজনের মধ্যে মুসাব ইবনে ওমায়েদ ২০১৩ সালে ধর্মান্তরিত হন। আগে তাঁর নাম ছিল পিকলু দাস। তাঁর গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়। ধর্মান্তরিত হওয়ার পর পরিবারের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। চট্টগ্রাম নগরের ইপিজেডের একটি কারখানায় চাকরি করতেন তিনি।
অন্য তিনজনের মধ্যে মোহাম্মদ শিপনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। খোরশেদ আলমের গ্রামের বাড়ি আনোয়ারা উপজেলায় এবং রাসেলের বাড়ি সীতাকুণ্ডের জোড় আমতল এলাকায় বলে জানান পুলিশ কর্মকর্তারা। তাঁরা বলেন, পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে ওই চারজনের সঙ্গে থাকা আরও কয়েকজন জঙ্গি পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
পুলিশ জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যাওয়া একজনের নাম আবদুল্লাহ (২৯)। তাঁর বাড়বকুণ্ডের বাড়িতে অবস্থান নিয়ে জঙ্গিরা হামলার পরিকল্পনা নিয়েছিল। আবদুল্লাহর একাধিক নাম রয়েছে বলেও পুলিশ জানায়।
পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাড়বকুণ্ডে রাসায়নিক দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স কারখানায় হামলার পরিকল্পনা ছিল আটক জঙ্গিদের। প্রতিষ্ঠানটিতে ২০ জন বিদেশি কাজ করেন। ওই কারখানাসহ কিছু স্থাপনায় জঙ্গিরা হামলা চালাতে চেয়েছিল।
সীতাকুণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, চার জঙ্গির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পলাতক জঙ্গিদের ধরতে অভিযান চলছে।
এদিকে আটক রাসেলের বাড়িতে রোববার রাতে অভিযান চালিয়ে একটি ল্যাপটপ জব্দ করেছে পুলিশ। গতকাল দুপুরে সীতাকুণ্ড থানার সামনে রাসেলের স্ত্রী সারজিনা বেগম প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর স্বামী জঙ্গি তৎপরতায় জড়িত নন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি বলেন, স্বামীকে আটকের বিষয়ে পুলিশ তাঁকে কোনো তথ্য দিচ্ছে না।
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ জানান, জেলা ডিবি পুলিশের ওসি হামিদুর রশীদ বলেছেন, সদর উপজেলার সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের একটি বাড়িতে জেএমবির ৩০-৩৫ সদস্য জঙ্গি হামলার পরিকল্পনার জন্য গোপন বৈঠক করছেন, এমন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে সেখানে পুলিশ অভিযান চালায়। অন্যরা পালিয়ে গেলেও মো. সাইফুদ্দিন ওরফে সাইফুল ইসলাম ওরফে সাব্বির (৪০) ও আবুল কাশেম ওরফে তরিকুলকে (৩৫) ২০টি ককটেলসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জেএমবির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।
পাবনা অফিস জানায়, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম বলেন, নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে জেএমবি সদস্যদের বৈঠকের খবর পেয়ে পুলিশ শনিবার রাতে উপজেলার পালপাড়ার একটি বাড়িতে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে উপজেলার গগনপুর গ্রামের সানাউল্লাহ (৩৫) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ওমর ফারুককে (২৬) গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে জিহাদি বই ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ দুজনসহ ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। রোববার তাঁদের পাবনার আমলি আদালত-৪-এ হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। গতকাল সোমবার বিচারক শুনানি শেষে প্রত্যেকের তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, রোববার রাত নয়টার দিকে মোবারক হোসেন (২৩) নামের এক যুবক কান্দাপাড়া গ্রামে ঘোরাঘুরি করছিলেন। স্থানীয় লোকজন জঙ্গি সংগঠনের সদস্য মনে করে তাঁকে আটক করে পুলিশে দেন। মোবারক বলেছেন, তিনি সাভারের জামালুল উলুম জমিলা খাতুন কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেন। তাঁর সঙ্গে থাকা ব্যাগে বাংলাদেশের একটি মানচিত্র, কিছু বিস্কুট ও কাপড়চোপড় ছিল। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।