বড়দের ঝগড়ার জেরে সংঘর্ষ, প্রাণ গেল দুই শিশুর
কিশোরগঞ্জের মিঠামইেন আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক স্কুলছাত্রীসহ দুই শিশু নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার ঢাকি ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হচ্ছে ঢাকি ইউনিয়নের মুর্শিদ মিয়ার মেয়ে ও চিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী চায়না আক্তার (৯) এবং একই ইউনিয়নের মো. আলীর ছেলে মোজাক্কির (১৩)। আহত ব্যক্তিদের মিঠামইন ও ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড়কান্দা গ্রামের বাছির মিয়া ও হায়দার আলীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাতে এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়।
এ ঘটনার জের ধরে গতকাল সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বল্লমবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় চায়না ও মোজাক্কির। চায়না বাছির মিয়া ও মোজাক্কির হায়দার আলীর পক্ষের সমর্থকের সন্তান বলে জানিয়েছেন এলাকাবাসী।
ঢাকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান জানান, বড়কান্দা গ্রামের বাছির মিয়া ও হায়দার আলীর লোকজনের মধ্যে জমি এবং এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। তাঁদের মধ্যে এর আগেও কয়েকবার সংঘর্ষ হয়।
এ ব্যাপারে গতকাল বাছির মিয়া ও হায়দার আলীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ভূইয়া জানান, সংঘর্ষের পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কাউকে আটক করা যায়নি।
পুলিশ নিহত শিশুদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।