বড়দের বিরোধের বলি হলো ২ বছরের শিশু

কিশোরগঞ্জের অষ্টগ্রামে গতকাল শনিবার ওয়াসিম নামে ২ বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার বলছে, বসতভিটার সীমানা নিয়ে বড়দের বিরোধের বলি হয়েছে শিশুটি।
শিশু ওয়াসিম উপজেলার কলমা ইউনিয়নের ডালারকান্দি গ্রামের ওয়াদুদ মিয়া ছেলে। পুলিশ লাশ উদ্ধারের পাশাপাশি আবদুর রাজ্জাক নামের এক আত্মীয় ও তাঁর চার ছেলেকে আটক করেছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজ্জাক সম্পর্কে ওয়াদুদ মিয়ার আপন চাচা। উভয়ের বসতঘর লাগোয়া। বসতভিটার সীমানা নিয়ে পরিবার দুটির মধ্যে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের মিটমাট করতে গ্রামে বেশ কয়েকবার সালিস হয়েছে। সালিসের রায় ওয়াদুদের পক্ষে যায়। ফলে ওই রায় পরে আর মেনে নেন না রাজ্জাক। এই কারণে ওয়াদুদ বিরোধপূর্ণ জমির ওপরে দখলস্বত্ব প্রতিষ্ঠা করতে পারছিলেন না। কয়েক দিন আগে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়।
ওয়াদুদ বলেন, ‘সীমানা নিয়ে দাবি ছেড়ে না দিলে আমাকে কঠিন মূল্য দিতে হবে, এ ধরনের হুমকি রাজ্জাকের পরিবারের পক্ষ থেকে প্রায়ই দেওয়া হতো। যদি জানতাম ছেলেকে হারিয়ে মূল্য দিতে হবে তাহলে কখনো জায়গা নিয়ে বিরোধে জড়াতাম না।’
ওয়াদুদের তিন সন্তান। তার মধ্যে একমাত্র ছেলে ওয়াসিম। গত শুক্রবার ওয়াদুদ এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে আর ফেরেননি। স্ত্রী রিকা বেগম তিন সন্তান নিয়ে একাই বাড়িতে রাত কাটান। ভোর সোয়া পাঁচটার দিকে শৌচাগারে যাওয়ার জন্য সন্তানদের রেখে ঘরের বাইরে যান। তখন দরজা খোলা ছিল; তাঁর তিন সন্তান ছিল ঘুমিয়ে। মিনিট পনেরো পর রিকা ঘরে ফিরে দেখতে পান, ওয়াসিমের গলা কাটা। রক্তাক্ত নিথর দেহ খাটের ওপর পড়ে আছে।
ওয়াদুদ-রিকা দম্পতির বিশ্বাস, প্রতিবেশী ও আত্মীয় রাজ্জাক ও ছেলেরাই এই খুনের সঙ্গে জড়িত। কারণ আর কারও সঙ্গে তাঁদের কোনো বিরোধ নেই। তা ছাড়া এত অল্প সময়ের মধ্যে খুনের ঘটনা ঘটিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়া কারও পক্ষে সম্ভব নয়। খুনিরা নিশ্চয়ই ওত পেতে ছিল। ভোরে যখনই রিকা ঘর থেকে বেরিয়েছেন, তখনই তারা ঢুকেছে। দ্রুত খুন করেই চলে গেছে।
তবে পুলিশ হেফাজতে রাজ্জাক বলেন, ‘ওয়াদুদ আমার ভাতিজা। ঘর পাশাপাশি। এই কারণে আমাদের মধ্যে মিল ও অমিল দুই আছে। ইদানীং বাড়ির সীমানা নিয়ে আমাদের মধ্যে একটু ঝামেলা চলছে। তাই বলে এমন ঠুনকো কারণে আমরা একটি শিশুকে মেরে ফেলতে পারি না। এই অভিযোগ সঠিক নয়।’
গতকাল সকালে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অষ্টগ্রাম থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তারা রাজ্জাকের পাশাপাশি তাঁর চার ছেলেকে আটক করে থানায় নিয়ে গেছে। তাঁরা হলেন আলকাছ মিয়া, সাইফুল মিয়া, সৃজন মিয়া ও কাউসার মিয়া।
জানতে চাইলে অষ্টগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে রাজ্জাক ও ওয়াদুদের পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলার তথ্য মিলেছে। রাজ্জাক ও তাঁর সন্তানদের আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় ওয়াদুদ বাদী হয়ে রাজ্জাককে প্রধান আসামি করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।