বড়লেখায় আ.লীগ নেতা হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন হত্যায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বেলা তিনটা পর্যন্ত শাহবাজপুর বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন ও কালো ব্যাজ ধারণ করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম কাজল মিয়া। তাঁর বাড়ি বড়লেখা উপজেলার সায়পুর গ্রামে। গতকাল সকাল ছয়টার দিকে উপজেলার সোনাই নদের ওপর নির্মাণাধীন সেতুর কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে বড়লেখা উপজেলার সারপারা ও নয়াগ্রাম এলাকার মানুষ কাজল মিয়াকে সোনাই নদের ওপর নির্মাণাধীন সেতুর কাছ থেকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগ নেতা আবুল হোসেন এক ব্যক্তির জানাজায় অংশ নেওয়ার জন্য আলিমপুর গ্রামে যাচ্ছিলেন। পথে কাজল মিয়া দা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাঁকে গুরুতর আহত করেন। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী কাজল মিয়ার বসতঘর ও দোকানে ভাঙচুর চালান ও অগ্নিসংযোগ করেন। বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডের ঘটনায় আবুল হোসেনের বাবা খলিলুর রহমান বাদী হয়ে কাজল মিয়াকে আসামি করে বড়লেখা থানায় হত্যা মামলা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে আবুল হোসেনের লাশ বাড়ি নিয়ে আসা হয়। বেলা সোয়া দুইটায় স্থানীয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।