বড়লেখায় আদিবাসী শিক্ষিকা খুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের সমনভাগ চা বাগান এলাকায় আজ মঙ্গলবার দুপুরে এক আদিবাসী স্কুলশিক্ষিকা খুন হয়েছেন। সন্ধ্যায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত নারীর নাম মিনতি মুন্ডা (১৯)। তিনি সমনভাগ বাগানের মুন্ডা লাইনের চা-শ্রমিক শ্রী প্রসাদ মুন্ডার মেয়ে। বেসরকারি সংস্থা ব্র্যাক পরিচালিত স্থানীয় প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন তিনি। জুড়ী উপজেলা সদরে অবস্থিত তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন মিনতি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মুন্ডা টিলা এলাকায় বিদ্যালয়ে পাঠদান শেষে মিনতি ও তাঁর সহকর্মী সবিতা কুর্মী বেলা দুইটার দিকে বাড়ি ফিরছিলেন। তাঁরা ১৪ নম্বর সেকশন এলাকায় পৌঁছালে মুন্ডা টিলার বাসিন্দা রাম জনম রিকমনের ছেলে আবু রিকমন (১৭) জরুরি কাজের কথা বলে সবিতাকে দাঁড় করিয়ে রেখে মিনতিকে নিয়ে পাশের টিলায় বীরেন্দ্র রিকমনের বাড়িতে যান। এ সময় বীরেন্দ্র ও তাঁর স্ত্রী বাগানে কাজ করছিলেন। বেশ কিছু সময় পার হওয়ার পরও মিনতি না ফেরায় সবিতার সন্দেহ হয়। তিনি বীরেন্দ্র রিকমনের বাড়িতে গিয়ে মিনতিকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বীরেন্দ্র রিকমন তাঁর ঘরের মধ্যে মিনতির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে গিয়ে বিষয়টি পুলিশকে জানান। বিকেল চারটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোবাইল ফোনে জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় মিনতির গলায় কাটা চিহ্নর দেখা গেছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হবে।
ওসি বলেন, প্রেমের সম্পর্কের সূত্র ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আবু রিকমন পলাতক। জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা রাম জনম রিকমনকে আটক করা হয়েছে।
মিনতির বড় ভাই প্রদীপ মুন্ডা জানান, আবু বয়সে মিনতির ছোট। তার (আবু) সঙ্গে মিনতির কোনো প্রেমের সম্পর্ক ছিল না। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি।
সমনভাগ চা বাগানের আদিবাসী সমাজ উন্নয়ন কেন্দ্রের সভাপতি নারায়ণ কুর্মী এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।