বড়লেখায় চা শ্রমিকদের টাকা ছিনতাই, আহত ২
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কেরামতনগর চা-বাগানের শ্রমিকদের বেতন-ভাতার অর্ধলক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের দায়ের কোপে টাকা বহনের দায়িত্বে থাকা চা-বাগানের দুই কর্মচারী আহত হন।
পুলিশ ও চা-বাগান সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে মোটরসাইকেলে করে কেরামতনগর চা-বাগানের দুই কর্মচারী ফাঁড়ি বাগান লক্ষ্মীছড়া বাগানের শ্রমিকদের বেতন-ভাতার টাকা নিয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন বাগানের জিপগাড়ির চালক দীজুমণি সিংহ। চালকের সঙ্গে ছিলেন বাগানের টিলাবাবু সিরাজুল ইসলাম। কেরামতনগর ও লক্ষ্মীপুর চা-বাগানের মাঝামাঝি ৯ নম্বর চা-সেকশনের কাছে পৌঁছালে দুই মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেলচালক ও আরোহীকে দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে তারা মাথায় পিস্তল ঠেকিয়ে তাঁদের সঙ্গে থাকা ৬০ হাজার ১০৯ টাকা এবং মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।