বড়লেখায় ছাত্রী ও লাখাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী গত শুক্রবার ধর্ষণের শিকার হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ এক কিশোরকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া গত বুধবার হবিগঞ্জের লাখাই উপজেলায় এক কিশোরীকে চার তরুণ ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বড়লেখায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার বাবা শুক্রবার রাতে বড়লেখা থানায় স্থানীয় এক কিশোরের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহার, বড়লেখা থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রীটি স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ে। তার মা-বাবা বাগানের শ্রমিক। মেয়েকে বাড়িতে একা রেখে তাঁরা সকালে কাজে চলে যান। শুক্রবার সন্ধ্যায় তাঁরা ঘরে ছিলেন না। এই সুযোগে ওই কিশোর ঘরে ঢুকে ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মা-বাবা বাড়িতে ফিরলে সে তাঁদের কাছে ঘটনাটি বলে। ওই দিন রাতেই স্বজনেরা তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটায় সেখান থেকে তাকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। রাতেই এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) আকবর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর ধর্ষণের কথা স্বীকার করেছে। আদালতের নির্দেশে তাকে টঙ্গীর কিশোর সংশোধনাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
লাখাই থানার পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে লাখাই উপজেলার এক কিশোরী (১৫) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে আসে। এ সময় সেখানে ওত পেতে থাকা পশ্চিম বামৈ গ্রামের বাবুল মিয়া (১৮), ফায়েজ মিয়া (১৮), মোজাম্মেল মিয়া (১৯) ও নাঈম মিয়া (১৯) মুখ চেপে ধরে তাকে উঠিয়ে গ্রামের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এরপর তাঁরা তাকে বাড়ির পাশে ফেলে যান। পরে স্বজনেরা তাকে উদ্ধার করেন। এই ঘটনায় ওই ছাত্রীর মা গতকাল শনিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাবুলসহ চারজনের বিরুদ্ধে লাখাই থানায় মামলা করেছেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, গতকাল তাঁরা অভিযোগ পেয়েছেন। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে বাবুল মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে হয়তো এ ঘটনাটি ঘটিয়েছেন। পুলিশ অভিযোগটি তদন্ত করছে। ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।