বড়লেখায় ধর্ষণের শিকার কিশোরীর মৃত্যু, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ধর্ষণের শিকার এক কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার মারা গেছে। এ ঘটনায় সোমবার রাতে দুজনের বিরুদ্ধে অপহরণপূর্বক ধর্ষণ ও হত্যা মামলা করা হয়েছে।

ওই তরুণীর নাম রুমা বেগম (১৭)। আসামিদের নাম আমির উদ্দিন (২৫) ও নিজাম উদ্দিন (৩৫)। তাঁদের সবার বাড়ি কুমারশাইল গ্রামে। আসামিরা পলাতক। মুঠোফোন বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

তরুণীর স্বজন, পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, রুমার সঙ্গে আমির উদ্দিন প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ১৭ জুলাই পালিয়ে বিয়ে করার কথা বলে রুমাকে বাড়ি থেকে বের করে নিয়ে যান আমির। ওই রাতে কুমারশাইল চা-বাগানের হুঙ্গালাটিলা নামক স্থানে নিয়ে রুমাকে ধর্ষণ করেন আমির। একপর্যায়ে নিজাম উদ্দিন সেখানে গিয়ে আমিরকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়ে রুমাকে ধর্ষণ করেন। পরে নিজাম পার্শ্ববর্তী বেরেঙ্গা চা-বাগানের ব্যবস্থাপকের বাংলোর নিচে রুমাকে ফেলে চলে যান। পরদিন সকালে চা-শ্রমিকদের কাছ থেকে খবর পেয়ে স্বজনেরা গিয়ে রুমাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান। গত শনিবার প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত নয়টার দিকে সে মারা যায়। সেখান থেকে লাশ নিয়ে স্বজনেরা বড়লেখা থানায় যান। সোমবার রাত আটটার দিকে রুমার বাবা এমদাদুর রহমান আমির ও নিজামকে আসামি করে মামলা করেন।

এমদাদুর রহমান বলেন, ‘মান-সম্মানের কথা চিন্তা করি আগে পুলিশকে ঘটনা জানাইছি না। আমার মেয়েটার যারা সর্বনাশ করছে, তারার কঠিন শাস্তি চাই।’

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের চিহ্ন দেখা গেছে। ধর্ষণেরও আলামত পাওয়া গেছে। সোমবার ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাড়িতে অভিযান চালিয়ে আসামি আমির ও নিজামকে পাওয়া যায়নি। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।