বড়লেখায় নারী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় জয়নাল আবেদীন (৪৮) নামের যুবলীগের এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নওপাড়া ইউনিয়নের সাইডুলি নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি কান্দিউড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি ছিলেন। একই দিনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পশ্চিম গুলুয়া গ্রামে মায়া রানী দাস (৫৫) নামের এক নারী খুন হয়েছেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার কান্দিউড়া ইউনিয়নের পালড়া গ্রামের জয়নাল আবেদীন গত বুধবার দুপুরে বাড়ি থেকে বের হন। গতকাল দুপুরে স্থানীয় লোকজন পাশের নওপাড়া ইউনিয়নের নওপাড়াবাজার-সংলগ্ন সাইডুলি নদে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ বেলা তিনটার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জয়নালের চাচা রইছউদ্দিন বলেন, ‘ঘটনাস্থল নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামেই জয়নালের শ্বশুরবাড়ি। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা জানি না।’

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জয়নাল আবেদীন মদ খেয়ে নদে পড়ে যান। এরপর সেখান থেকে তিনি আর উঠতে পারেননি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সকাল পৌনে ১০টার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পশ্চিম গুলুয়া গ্রামে এক যুবকের আক্রমণে মায়া রানী দাস খুন হন। মায়া রানী পশ্চিম গুলুয়া গ্রামের মৃত ললিত মোহন দাসের স্ত্রী। হত্যায় জড়িত অভিযোগে নিপেশ দাস ওরফে সোনাইকে (২৩) এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় মায়া রানী দাস নিজের ঘরে বসে সকালের নাশতা করছিলেন। এ সময় নিপেশ দাস ঘরে ঢুকে কেঁচি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে গুরুতর আহত করেন। মায়া রানীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বড়লেখা থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান বলেন, ‘এলাকার লোকজনের কাছ থেকে জেনেছি, ছেলেটি বুধবারও একজনকে মারতে ধাওয়া করেছিল। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।’