বড়হাটে তিন জঙ্গির মৃত্যু বিস্ফোরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার শহরের বড়হাটে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযানে নিহত তিন জঙ্গির ময়নাতদন্ত শেষ হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে তাঁদের ময়নাতদন্ত সম্পন্ন হয় বলে প্রথম আলোকে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক পার্থসারথি দত্ত কানুনগো।

পার্থসারথি দত্ত কানুনগো বলেন, নিহত দুজন পুরুষের বয়স আনুমানিক ৪২ বছর ও ৩৮ বছর। আর নিহত নারীর বয়স ৩০ বছর। ময়নাতদন্তে জানা যায়, ২৪ থেকে ৪৮ ঘণ্টা আগে বোমা বিস্ফোরণে তাঁরা মারা যান। বিস্ফোরণে তাঁদের তিনজনের শরীরের পেটের অংশ উড়ে যায়। পুরুষ দুজনের শরীর পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁদের সবার শরীরের সঙ্গেই তারের টুকরা পাওয়া গেছে।

ময়নাতদন্ত দলে ছিলেন সিনিয়র সার্জারি কনসালট্যান্ট সুব্রত কুমার রায়, সার্জারি কনসালট্যান্ট আবু ইমরান এবং আরএমও পলাশ রায়।

মৌলভীবাজার পৌরসভার ভেতরে বড়হাট এলাকার আবুশাহ দাখিল মাদ্রাসার গলিতে দোতলা বাড়িটি গত মঙ্গলবার রাত থেকে ঘিরে রাখা হয়। গত বুধবার ওই আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ৫৩ ঘণ্টা ঘিরে রাখার পর শুক্রবার সকাল থেকে শুরু হয় সোয়াটের ‘অপারেশন ম্যাক্সিমাস’। অভিযান শেষ হওয়ার পর ওই বাড়ির ভেতরে তিনজনের লাশ পাওয়া যায়। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। নিহত পুরুষদের মধ্যে একজন সিলেটের শিববাড়িতে সেনা অভিযান চলাকালে জঙ্গি আস্তানার কাছের হামলায় নেতৃত্ব দিয়েছেন বলে জানায় পুলিশ।