বড়াইগ্রামে চোলাই মদপানে জামাতার পর শ্বশুরের মৃত্যু
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় চোলাই মদপানে জামাতার মৃত্যুর দুই দিন পর গতকাল সোমবার ভোরে শ্বশুরের মৃত্যু হয়েছে। আরেক জামাতার অবস্থা আশঙ্কাজনক।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, বর্ণি গ্রামের দিলীপ গমেজ গত বৃহস্পতিবার নিজ বাড়িতে দুই জামাতাকে নিয়ে চোলাই মদ পান করেন। এতে তিনজনই অসুস্থ হয়ে পড়েন। গত শুক্রবার বড় জামাতা উজ্জ্বল কস্তা (৩৮) মারা যান। অন্য জামাতা ক্যান্টন কোরাইয়া বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শ্বশুর দিলীপ গমেজ (৫৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে মারা যান। এ ঘটনায় মদ বিক্রেতা বিশ্বজিৎ সান্যালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় জোনাইল ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান বলেন, এই ঘটনায় গতকাল সকালে পুলিশ বাদী হয়ে হোমিও চিকিৎসক বিশ্বজিৎ সান্যালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। দিলীপ গমেজের ভাই বার্নাড গমেজ গতকাল দুপুরে হত্যা মামলা করেন। দুই মামলায় বিশ্বজিৎকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।