বড়াইগ্রামে ভুয়া রেজল্যুশনে প্রাথমিকে শিক্ষক বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রামে উপজেলা শিক্ষা কমিটির ভুয়া রেজল্যুশন দেখিয়ে একজন শিক্ষককে বদলি করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে চিঠি দিয়েছেন ওই কমিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত ফারজানা।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলা শিক্ষা কমিটির সর্বশেষ সভা হয় গত ১২ ফেব্রুয়ারি। ওই সভায় আবেদনের ভিত্তিতে বিধি মোতাবেক সব শিক্ষকের বদলির বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপর শিক্ষা কমিটির আর কোনো সভা হয়নি। কিন্তু শিক্ষা কার্যালয়ের কতিপয় দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কমিটির একটি সভার ভুয়া রেজল্যুশন দেখিয়ে এক নারী সহকারী শিক্ষককে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করেছেন। অথচ সর্বশেষ সভায় সিদ্ধান্ত ছিল বনপাড়া মডেল স্কুলে একজন পুরুষ শিক্ষককে বদলি করে আনা হবে। সেই সভার রেজল্যুশনও পরিবর্তন করা হয়েছে। সভার উপস্থিতি স্বাক্ষর ১২ ফেব্রুয়ারি থাকলেও রেজল্যুশনে দেখানো হয়েছে পরদিন।
৩০ মার্চ দেখানো জাল সভা অনুষ্ঠানের সময় দেখানো হয়েছে বেলা তিনটা। ওই তারিখেই উপজেলা শিক্ষা কার্যালয় থেকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে আবেদন এবং বদলি অনুমোদনের আদেশ দেখানো হয়েছে। অথচ ওই তারিখের শিক্ষা কমিটির সভা সম্পর্কে কমিটির সভাপতিসহ অন্য কোনো সদস্য কিছুই জানেন না। প্রকৃতপক্ষে ওই দিন কোনো সভা হয়নি। মাত্র দুই কর্মঘণ্টার মধ্যে সভা, আবেদন ও অনুমোদন এবং যোগাযোগ কীভাবে সম্ভব, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ সম্পর্কে উপজেলা শিক্ষা কর্মকর্তা আকলিমা খানম বলেন, ‘আমি নতুন এসেছি। শারীরিকভাবে সুস্থ নই। তাই সহকারী শিক্ষা কর্মকর্তা ও অফিস সহকারীদের ওপর একটু বেশি নির্ভরশীল হতে হচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে যদি কেউ এই অপরাধ করে থাকেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
নাম প্রকাশ না করার শর্তে কার্যালয়ের এক কর্মচারী বলেন, একজন সহকারী শিক্ষা কর্মকর্তা ও অফিস সহকারী যোগসাজশে ওই কাজটি করেছেন। যদিও কার্যালয়ের প্রধান হিসেবে উপজেলা শিক্ষা কর্মকর্তার ওপর এর দায় বর্তায়।
উপজেলা শিক্ষা কমিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান ইউএনও ইশরাত ফারজানা বলেন, ‘জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ২ মে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছি।’
ভুয়া রেজল্যুশনে স্বাক্ষর রয়েছে উপজেলা শিক্ষা কমিটির তৎকালীন সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাকিমের। তিনি বলেন, ‘২৮ মার্চ উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান শপথ নিয়েছেন। তাই ৩০ মার্চ আমার সভাপতিত্বে সভা করার কোনো সুযোগ নেই। বিষয়টি ইউএনও মহোদয়কে অবহিত করে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নফীসা বেগম গতকাল সোমবার বলেন, ‘ওই বিষয়ে এখনো কোনো চিঠি আমার হাতে আসেনি। একই সঙ্গে দুই জেলার দায়িত্বে রয়েছি। এ জন্য অনেক বিষয় জানতে দেরি হচ্ছে। খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’