ঈশ্বরদীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
বড়াইগ্রামে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে পুলিশে
নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নে গতকাল শুক্রবার সাড়ে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তরুণকে (২৮) আটক করে পিটুনির পর পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। এদিকে পাবনার ঈশ্বরদী উপজেলায় ক্ষুদ্র জাতিসত্তার এক প্রতিবন্ধী নারীকে (৩৫) ধর্ষণচেষ্টার অভিযোগে গত বৃহস্পতিবার এক ব্যক্তির (৪০) বিরুদ্ধে মামলা হয়েছে।
জোয়াড়ি ইউনিয়নের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটি বাড়ির পাশে খেলার সময় ওই তরুণ চকলেট দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটি কান্নাকাটি করলে স্থানীয় লোকজন এসে ওই তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেন এবং শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান বলেন, শিশুটির ডাক্তারি পরীক্ষা শেষ হয়েছে। এতে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত তরুণকে কারাগারে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার পুলিশ জানায়, ওই প্রতিবন্ধী নারী ১৪ এপ্রিল সন্ধ্যায় পূজা দেখে বাড়ি ফেরার পথে উপজেলার মুলাডুলি পূর্বপাড়া থেকে ওই ব্যক্তি তাঁকে তুলে পাশের একটি বাগানের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই নারীর গোঙানি ও ধস্তাধস্তির শব্দ পেয়ে পাশ দিয়ে হেঁটে যাওয়া দুই পথচারী এগিয়ে এলে ওই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান।
থানার এসআই শরিফুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার তদবির চালায় ওই ব্যক্তির পরিবার। কিন্তু ক্ষুদ্র জাতিসত্তার লোকজন এতে রাজি হননি। এ কারণে বৃহস্পতিবার রাতে প্রতিবন্ধী নারীর বাবা ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। মামলার পর থেকে ওই ব্যক্তি পলাতক রয়েছেন।