বড়াইগ্রামে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়ীয়া কালিরঘুন গ্রামের জহুরুল ইসলামকে গত বুধবার হত্যা করা হয়েছে। মুঠোফোনে কথা বলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে স্ত্রী শেফালী বেগমের বিরুদ্ধে জহুরুলকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে শেফালীসহ তাঁর স্বজনেরা পলাতক রয়েছেন।
জহুরুলের পরিবার সূত্রে জানা গেছে, নটাবাড়ীয়া কালিরঘুন গ্রামের সাত্তার ব্যাপারীর ছেলের সঙ্গে প্রায় ১৫ বছর আগে পাশের কেল্লা গ্রামের আবুল হোসেনের মেয়ে শেফালীর বিয়ে হয়। ৩ মাস ধরে শেফালীর অন্যের সঙ্গে মুঠোফোনে কথা বলা নিয়ে তাঁদের মধ্যে কলহের সৃষ্টি হয়। জহুরুল মুঠোফোনে কথা বলতে নিষেধ করলে শেফালী তাঁকে হত্যার হুমকি দেন। পরে জহুরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগের পর ঘরের মালমালা নিয়ে স্ত্রী বাপের বাড়িতে চলে যান। এ ঘটনার পর গত বুধবার বিকেলে শেফালী জহুরুলকে মুঠোফোনে তাঁর বাবার বাড়িতে যেতে বলেন। সেখানে গেলে জহুরুলকে বেধড়ক মারধর করা হয়। আহত অবস্থায় শ্বশুরবাড়ির লোকজন তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে শেফালীসহ তাঁর স্বজনেরা বাড়ি থেকে পালিয়ে যান।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শফিকুল ইসলাম বলেন, তাঁদের পারিবারিক বিরোধ চলছিল। আবার অসুস্থ জহুরুলকে শেফালী একাই হাসপাতালে নিয়ে যান। ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।
মাঝগাঁও ইউপির চেয়ারম্যান খোকন মোল্লা বলেন, স্ত্রীর ভূমিকা তদন্ত করে দেখা দরকার।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জহুরুলের বাবা আবদুস সাত্তার গতকাল বৃহস্পতিবার থানায় একটি হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।