বড়াইগ্রামে 'বন্দুকযুদ্ধে' কথিত মাদক ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বনপাড়া-কাটাশকোল পাকা রাস্তার পুব দিকে আখ ক্রয় কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বালিয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে সিরাজুল ইসলাম (৩৪)। তাঁর বিরুদ্ধে নাটোরের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাসহ পাঁচটি মামলা রয়েছে বলে দাবি র‍্যাবের।

র‌্যাব নাটোর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিবৃতিতে জানানো হয়, র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি টহল দল রাতে বনপাড়া বাইপাসে অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার জন্য কাটাশকোল আখ ক্রয় কেন্দ্রের সামনে অবস্থান করছেন। রাত আনুমানিক দেড়টার দিকে র‌্যাবের টহল দল কাটাশকোল আখ ক্রয় কেন্দ্রের কাছে পৌঁছালে কিছু লোকের আনাগোনা দেখতে পায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিন-চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাবের টহল দল আত্মসমর্পণের নির্দেশ দেয়। এ সময় তাঁরা গুলি করে পালানোর চেষ্টা করলে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মিনিট পাঁচেক গুলিবিনিময়ের পর একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দলের অপর সদস্যরা পালিয়ে যান। আহত ব্যক্তিকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিবৃতিতে জানানো হয়, এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের একটি তাজা গুলি, পিস্তলের গুলির একটি খালি খোসা, পিস্তলের একটি ম্যাগাজিন, ৫৩০টি ইয়াবা, ৩ হাজার ২০৫ টাকা, একটি চার্জার টর্চলাইট, ছয়টি পুরোনো স্যান্ডেল, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে।