বড়-ছোট দ্বন্দ্ব, আবারও কিশোর খুন
ছোট-বড় (সিনিয়র-জুনিয়র) দ্বন্দ্বে রাজধানীতে আবারও এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে তারই বন্ধুস্থানীয়রা। নিহত মো. সজল (১৫) দরজির দোকানের কর্মী ছিল।
সজলেরা তিন ভাই ও এক বোন। গতকাল রোববার নিহত সজলের ভাই মনির হোসেন বলেন, বড়-ছোট দ্বন্দ্বের জেরে গত শনিবার সন্ধ্যায় শেখেরটেক ৬ নম্বর সড়কে পাঁচ–ছয়জন কিশোর সজলকে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর গতকাল বেলা ১১টার দিকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সজলকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় সজলের বাবা মোখলেসুর রহমান চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে আদাবর থানায় একটি মামলা করেছেন। পুলিশ এজাহারভুক্ত আসামি চার কিশোর ও তরুণকে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান প্রথম আলোকে বলেন, আসামিরা সব স্থানীয় বখাটে। এদের মধ্যে দুজনের নামে আদাবর থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা আছে।
কী কারণে এ হত্যা জানতে চাইলে ওসি বলেন, মূলত বড়-ছোট দ্বন্দ্ব নিয়েই হত্যা। একসঙ্গে কয়েকজন চা–পান করতে গিয়ে তুই-তোকারি করে সজল। তখন আরেকজন খেপে গিয়ে বলে সে সজলের চেয়ে বড়। একপর্যায়ে তারা সজলকে বেধড়ক মারধর করে।
চলতি বছরের শুরুর দিকে বন্ধুস্থানীয়দের হাতে পরপর কয়েকজন কিশোর খুন হওয়ার পর কিশোর অপরাধ ও কিশোরদের ‘গ্যাং কালচার’ উদ্বেগ ছড়ায়। রাজধানীর উত্তরায় কিশোরদের দুই দলের বিরোধে ৬ জানুয়ারি খুন হয় নবম শ্রেণির ছাত্র আদনান কবীর। এ ঘটনার ১২ দিনের মাথায় তেজগাঁওয়ের তেজকুনীপাড়ায় ‘কে
বড়, কে ছোট’ এ নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হয় আবদুল আজিজ। এ দুটি ঘটনার মধ্যেই ১৫ জানুয়ারি রূপনগরে কামাল হোসেন নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ২ মার্চ শেওড়াপাড়া এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডায় বাগ্বিতণ্ডার একপর্যায়ে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় কিশোর সজীব মিয়াকে। ২০ মে যাত্রাবাড়ীতে জাহিদুল হাওলাদার নামে একটি ফ্যান কারখানার কর্মী কিশোর হত্যার শিকার হয়েছে।
টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের হিসাব বলছে, গত ৩১ ডিসেম্বর তাদের কেন্দ্রে থাকা কিশোরদের ২০ শতাংশ খুনের মামলার আর ২৪ শতাংশ নারী ও শিশু নির্যাতন মামলার আসামি।