বয়স জালিয়াতির মামলায় কলেজ অধ্যক্ষ কারাগারে
বয়স জালিয়াতির মামলায় বগুড়ার নুনগোলা ডিিগ্র কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২-এ হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. কামরুজ্জামান তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলহাজতে যাওয়ার আগে অধ্যক্ষ মাহবুবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, এসএসসির সনদে ঘষামাজার অভিযোগটি তাঁর বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। তিনি বয়স জালিয়াতি করেননি। শিক্ষক হিসেবে এমপিওভুক্তির সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জন্মতারিখ ভুল করে নথিভুক্ত করেছে।
মামলা ও কলেজসূত্রে জানা গেছে, মাহবুবুর রহমান ১৯৭৪ সালে এসএসসি পাস করেন। পরীক্ষার সনদ অনুযায়ী তাঁর জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৫৯। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাসের সনদেও একই জন্মতারিখ রয়েছে। ১৯৮৫ সালে তিনি নুনগোলা কলেজের প্রভাষক হন। ১৯৮৮ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। ২০০০ সালে তিনি অধ্যক্ষ হন।
মাহবুবুর রহমান কলেজে যোগদানের সময় জমা দেওয়া এসএসসির সনদে বাংলায় লেখা ‘পহেলা জানুয়ারি উনিশ শ ঊনষাট’-এর ‘ঊন’ ঘষামাজা করে তুলে ফেলেন। এতে জন্মসাল হয়ে যায় ‘উনিশ শ ষাট’। ওই সনদই তিনি এমপিওভুক্তির সময় জমা দিয়েছেন। ১৯৮৮ সাল থেকে তিনি এমপিওসহ অন্যান্য সুবিধা গ্রহণ করেছেন।
২০১৩ সালে রাজশাহী শিক্ষা বোর্ড জন্মতারিখের রেকর্ড যাচাই করে অভিযোগের সত্যতা পায়। একই বছর কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক (বর্তমানে সাময়িক বরখাস্ত) ফজলে রাব্বী আদালতে অধ্যক্ষ মাহবুবুরের বিরুদ্ধে বয়স জালিয়াতির অভিযোগে মামলা করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বগুড়া সদর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন আদালত। শিক্ষা কর্মকর্তা জালিয়াতির প্রমাণ পেয়ে ২০১৫ সালের ৯ জুন প্রতিবেদন দাখিল করেন। তাতে জালিয়াতির বিষয়টি নিশ্চিত করা হয়। এ পরিপ্রেক্ষিতে বিচারক গতকাল অধ্যক্ষ মাহবুবের জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠান।
মামলার বাদী ফজলে রাব্বী গতকাল বলেন, অধ্যক্ষের জালিয়াতির বিষয়ে মুখ খোলায় দীর্ঘ ছয় বছর তাঁকে অন্যায়ভাবে সাময়িক বরখাস্ত করে রাখা হয়েছে। এই বরখাস্তের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে মামলা করেন। সেটি বিচারাধীন রয়েছে।