বয়স বাড়িয়ে বিয়ে, কাজি ও কনের বাবার কারাদণ্ড
চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক ছাত্রীর বয়স বাড়িয়ে বিয়ে দেওয়ায় কাজি (নিকাহ রেজিস্ট্রার) ও কনের বাবাকে এক মাস করে কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সন্ধ্যায় নির্বাহী হাকিম ও দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান এই দণ্ড দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজি মোখলেছুর রহমান ও কনের বাবা একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বেল্টু মিয়া।
আদালত সূত্র জানায়, গত শুক্রবার রাত ১০টার দিকে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বেল্টু মিয়ার ১৩ বছর বয়সী মেয়ের সঙ্গে একই ইউনিয়নের কলাবাড়ি গ্রামের জামিনুল ইসলামের (২২) বিয়ে হয়। মোখলেছুর রহমান বিয়েটি নিবন্ধন করেন। নিবন্ধনে মেয়ের বয়স ১৮ বছরের বেশি বলে উল্লেখ করেন। অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন তদন্তে নামে। আজ সন্ধ্যায় কাজি ও কনের বাবাকে ইউএনও কার্যালয়ে নেওয়া হয়। সেখানে আদালত বসিয়ে তাঁদের দণ্ড দেওয়া হয়।
ইউএনও ফরিদুর রহমান বলেন, দণ্ড পাওয়া দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।