বয়স বেশি দেখিয়ে স্কুলছাত্রীর বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মনিবন্ধন সনদে বয়স ১৮-এর ঊর্ধ্বে দেখিয়ে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ে দেওয়া হয়েছে।
এলাকাবাসী, বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীর (১৪) সঙ্গে পাশের নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাবনীকোনো গ্রামের এক ব্যক্তির বিয়ে গত শুক্রবার দুপুরে সম্পন্ন হয়। বিয়ে নিবন্ধন করেন ধরমপাশা নতুন পাড়া গ্রামের কাজি আবদুল মান্নান।
বিদ্যালয়ের ভর্তির রেজিস্ট্রারে জন্মতারিখ রয়েছে ৭ ডিসেম্বর ২০০১। ধরমপাশা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের দেওয়া জন্মনিবন্ধন সনদে জন্ম তারিখ দেখানো হয়েছে ১৯৯৭ সালের ১৫ জুন। চলতি বছরের ১৪ মার্চ এ জন্মনিবন্ধন উত্তোলন করা হয়েছে। জন্মনিবন্ধনে ওই ছাত্রীর ওয়ার্ডও পরিবর্তন করে দেখানো হয়েছে। পাশাপাশি পরিবর্তন করা হয়েছে জন্মস্থানও। বাল্যবিবাহের খবর শুনে ওই দিন দুপুরে কনের বাড়িতে যান ধরমপাশা থানার এক কর্মকর্তা। তিনি সেখানে গিয়ে মেয়েটির জন্মনিবন্ধনের সনদ দেখেন এবং চেয়ারম্যান এ সনদ দিয়েছেন বলে তাঁকে জানালে তিনি ওই বিয়ে বাড়ি থেকে চলে আসেন।
ধরমপাশা সদর ইউনিয়নের নিকাহ নিবন্ধক কাজি আবদুল মান্নান বলেন, ইউপি চেয়ারম্যানের দেওয়া জন্মনিবন্ধন সনদে মেয়েটির বয়স ১৮-এর ঊর্ধ্বে ও ছেলেটির ভোটার পরিচয়পত্রে বয়স ২৪ দেখে তিনি ইসলামি শরিয়াহ মোতাবেক এ বিয়ে পড়িয়েছেন।
মেয়েটির বাবা ও মা এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। ইউএনও মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘বাল্যবিবাহের ব্যাপারে আমি কোনো লিখিত অভিযোগ পাইনি। জন্মনিবন্ধন সনদ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান দিয়ে থাকেন। এ নিয়ে কোনো অনিয়ম হলে চেয়ারম্যানকেই এর দায় নিতে হবে। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব।’