বয়স্ক ভাতার টাকা তুলে নিলেন ইউপি সদস্য?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে এক নারীকে বয়স্ক ভাতার কার্ড দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য পাঁচ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কিসমত আমোদাবাদ গ্রামের জয়বানুর (৬৫) অভিযোগ, ইউপি সদস্য তাঁকে কার্ড দেওয়ার আগেই গত বছরের ভাতা তুলে নিয়েছেন।
অভিযুক্ত মো. শহীদুল্লা উপজেলার আচারগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ১৯৯৭-৯৮ সালে বয়স্ক ভাতার কার্যক্রম শুরু করে। বয়স্ক ভাতার সুবিধাভোগী ব্যক্তিদের মাসে ৫০০ টাকা করে দেওয়া হয়। ২০১৫-১৬ সালে এ হার ছিল মাসে ৪০০ টাকা। গত শনিবার বিকেলে জয়বানুর বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর স্বামী জামু হোসেন শয্যাশায়ী। জয়বানু বলেন, একটা বয়স্ক কার্ড পাওয়ার জন্য তিনি শহীদুল্লার কাছে অনেকবার ধরনা দিয়েছেন। তখন শহীদুল্লা তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা চান। তিনি ঋণ নিয়ে শহীদুল্লাকে এ টাকা পরিশোধ করেন। জয়বানু বলেন, গত বৃহস্পতিবার তিনি ইউপি সদস্যের বাড়িতে কার্ড নিতে যান। শহীদুল্লার স্ত্রী তাঁকে কার্ডটি দিয়ে বলেন, ব্যাংকে এই কার্ড দেখিয়ে টাকা তোলা যাবে। বাড়ি আসতে আসতে তিনি কার্ডটি খুলে দেখেন, সেখানে টিপসই দেওয়া। তিনি তখন পাড়ার এক ব্যক্তিকে তা দেখান। পরে জানতে পারেন, এই কার্ড দিয়ে ২০১৫-১৬ সালের ৪ হাজার ৮০০ টাকা গত ২৩ আগস্ট উত্তোলন করা হয়েছে।
ইউপি সদস্য মুঠোফোনে বলেন, এটা তাঁর বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।
এদিকে সোনালী ব্যাংক নান্দাইল শাখার দ্বিতীয় কর্মকর্তা এনামুল হক বলেন, জনবল-সংকটের কারণে ওই ব্যাংকে বয়স্ক ভাতার টাকা বিতরণ করেন অফিস সহায়ক আবুল মনসুর। আবুল মনসুর বলেন, জয়বানুর টাকা কে উত্তোলন করেছে, তা তিনি মনে করতে পারছেন না।