বয়স্ক ভাতার ভুয়া কার্ড বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার ভুয়া কার্ড বিতরণ করে একটি চক্র কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ব্যাংকে টাকা তুলতে গিয়ে কয়েকজন জানতে পারেন, তাঁরা প্রতারণার শিকার হয়েছেন।
কয়েকজন ভুক্তভোগী প্রথম আলোকে বলেন, উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর ও আবেদের ঘাট এলাকার আনিসুর রহমান ও রিপন আলী এলাকায় প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার কার্ড তৈরি করে দেন। তাঁরা প্রতিটি কার্ডের জন্য দুই থেকে তিন হাজার করে টাকা নেন। পরে ব্যাংকের হিসাব ও কার্ড নম্বরসংবলিত ভাতার কার্ডও দেন। এসব কার্ড নিয়ে ব্যাংকে টাকা তুলতে গিয়ে তাঁরা জানতে পারেন, এগুলো ভুয়া।
ফিলিপনগর গ্রামের মর্জিনা খাতুন (৬৫) বলেন, ‘আনিসুর নামের এক ব্যক্তি আমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে বয়স্ক ভাতার কার্ড করে দেন। কিন্তু এই কার্ড নিয়ে ব্যাংকে গেলে জানানো হয়, এটা ভুয়া।’
আবুল হোসেন নামের এক বৃদ্ধ বলেন, ‘রিপন নামের একজন আমার কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে একটি কার্ড দেন। কিন্তু ব্যাংকে গিয়ে এই কার্ড দেখালে কর্মকর্তারা এটি ভুয়া বলে জানান।’
এ বিষয়ে বক্তব্য জানতে আনিসুর ও রিপনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ফিলিপনগর গ্রামের বাসিন্দা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা বলেন, একটি প্রতারক চক্র এই কাজ করেছে। চক্রটি তাঁর ইউনিয়নের প্রায় ৩০০ অসহায় দরিদ্র মানুষের কাছ থেকে কার্ড দেওয়ার নামে অন্তত পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
ভেড়ামারার সমাজসেবা কর্মকর্তা (দৌলতপুরের অতিরিক্ত দায়িত্বে) মাসুদ আহমেদ বলেন, ভুয়া কার্ড বিতরণের সত্যতা পাওয়া গেছে। ব্যাংক হিসাব ও কার্ড নম্বরগুলো ভুয়া। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন বলেন, এই প্রতারণার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা উচিত। তাঁদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত।
দৌলতপুরের ইউএনও মো. তৌফিকুর রহমান বলেন, যাঁরা এর সঙ্গে জড়িত, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।