চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ফারজানা খাতুন ওরফে কুটিলাকে (৭) ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে নিহতের ভগ্নিপতি ইমান হোসেন (২৩)। গত শনিবার বিকেলে চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৈয়ব আলীর খাসকামরায় জবানবন্দি গ্রহণ করা হয়।
জবানবন্দি গ্রহণ শেষে ইমান হোসেন ও তার চাচাতো শ্যালক মজিবুল হককে (১৮) আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। দামুড়হুদা থানার ওসি মো. কামরুজ্জামান স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমান হোসেন তার জবানবন্দিতে জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৈয়ব আলীকে জানায়, চাচাতো শ্যালক মজিবুলকে দিয়ে বিস্কুটের লোভ দেখিয়ে ফারজানাকে বাড়ি থেকে ডেকে আনে। বিস্কুট খাওয়া শেষ হলে বিজিবির দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পেছনে নির্জন স্থানে নিয়ে সে ও মজিবুল তাকে ধর্ষণ করে। এরপর লোক জানাজানি হওয়ার ভয়ে কুটিলাকে শ্বাসরোধে হত্যা করে তারা। বাড়ির লোকজন কুটিলার খোঁজ করলে ওই দুজনও খোঁজ করার অভিনয় করে। পরে লাশ উদ্ধারের দিন পুলিশ তাদের আটক করে।
প্রসঙ্গত, দামুড়হুদার জয়নগর গ্রামের দিনমজুর লিয়াকত আলীর মেয়ে ফারজানা ৯ সেপ্টেম্বর রাতে নিখোঁজ হয়। ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় পুলিশ বিজিবির দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পেছন থেকে কুটিলার লাশ উদ্ধার করে। ওই দিন সদর উপজেলার দশমী গ্রামের ইমানকে আটকের পর তার দেওয়া তথ্যানুযায়ী ওই রাতেই কুটিলার চাচাতো ভাই মজিবুল হককেও (১৮) আটক করে পুলিশ।