ভগ্নিপতি ও ভাগনের মারধরে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝগড়াবিবাদের একপর্যায়ে ভগ্নিপতি ও ভাগনের মারধরে সবুজ শিকদার নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সবুজ শিকদার (৫০) উপজেলার ধানসাগর ইউনিয়নের ধানসাগর গ্রামের বাসিন্দা ছিলেন।

নিহত সবুজের স্ত্রী হেলেনা বেগম বলেন, ‘১২ হাজার টাকা লেনদেন নিয়ে তাঁর ননদের স্বামী আলতাফ হোসেনের সঙ্গে বিকেলে ঝগড়া হয় সবুজের। একপর্যায়ে আলতাফ ও তাঁর ছেলে প্রিন্স আমার স্বামী সবুজকে বেদম মারধর করে। এতে ঘটনাস্থলেই স্বামী মারা যান।’

শরণখোলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস কে আবদুল্লাহ আল সাইদ বলেন, নিহত সবুজ শিকদারের কাছে তাঁর ভগ্নিপতি টাকা পেতেন। ওই টাকা চাইতে গেলে তাঁদের ঝগড়াবিবাদের একপর্যায়ে সবুজকে তাঁর ভগ্নিপতি ও ভাগনে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে মারধর করা বাবা-ছেলে পলাতক।