ভগ্নিপতিকে খুন করে থানায় হাজির শ্যালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরুরি কাজে ভগ্নিপতি শহরের বাইরে গেছেন, রাতে ফিরবেন না—গত রোববার দুপুরে বোন প্রিয়াঙ্কা ধরকে ফোন করে এ কথা জানান ছোট ভাই বাবলু ধর। প্রিয়াঙ্কা তখন বাচ্চাদের নিয়ে স্কুল থেকে চট্টগ্রামের টেরিবাজার এলাকার নিজ বাসায় ফিরছিলেন। তাঁর বাসাতেই থাকেন বাবলু। ভাইয়ের কথা বিশ্বাস করে বোন আর নিজের বাসায় যাননি। সন্তানদের স্কুলে দিয়ে সেখান থেকেই নগরের পাথরঘাটায় বাবার বাড়ি চলে যান।

সোমবার সকাল নয়টা। চট্টগ্রামের কোতোয়ালি থানায় হাজির হন বাবলু। পুলিশকে জানান, ভগ্নিপতি অঞ্জন ধরকে (৩৫) ছুরিকাঘাত করে খুন করেছেন তিনি। লাশ বস্তাবন্দী করে বাসায় রেখে এসেছেন। বোনকে নির্যাতন করায় ভগ্নিপতিকে খুন করেছেন তিনি।

অঞ্জন ধর নগরের হাজারী গলির একটি সোনার দোকানের কারিগর। একই দোকানে বাবলু ধরও (২১) কাজ করেন। আট বছর আগে তাঁর বোন প্রিয়াঙ্কা ধরের সঙ্গে অঞ্জন ধরের বিয়ে হয়।

খুনের বিষয়ে পুলিশকে দেওয়া বাবলু ধরের বর্ণনা অনুযায়ী, রোববার সকালে সাত বছর বয়সী মেয়ে ও তিন বছর বয়সী ছেলেকে নিয়ে স্কুলে যান তাঁর বোন। তখন ভগ্নিপতি অঞ্জন ও তিনি বাসায় ছিলেন। বোন চলে যাওয়ার পর শোবার ঘরে অঞ্জনকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন তিনি। মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশ বস্তাবন্দী করে রাখেন। পরে বাসা থেকে বের হয়ে রক্তমাখা কাপড়চোপড় একটি খালে ফেলে দেন। আর বোনকে ফোন করে জানান, তাঁর ভগ্নিপতি একটি কাজে মানিকছড়ি গেছেন। স্কুল ছুটি হলে বাচ্চাদের নিয়ে বাবার বাড়ি চলে যেতে বলেন।

পুলিশ জানায়, লাশটি বাসার বাইরে নিয়ে কোথাও ফেলে দেওয়ার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত তাতে সফল হতে পারেননি বাবলু। কেরোসিন ঢেলে লাশটি পুড়ে ফেলার চিন্তাও করেছিলেন একবার। কিন্তু সেটিও করেননি। পরে সকালে থানায় হাজির হয়ে খুন করার কথা স্বীকার করেন।

টেরিবাজারের ওই বাসার নিচে পুলিশের উপস্থিতিতে গতকাল দুপুরে প্রিয়াঙ্কা ধর প্রথম আলোকে বলেন, স্বামী ও ভাইকে দীর্ঘ সময় ধরে মুঠোফোনে না পেয়ে রোববার রাত ১২টার দিকে সন্তানদের নিয়ে তিনি আবার নিজের বাসায় ফেরেন। কিন্তু দরজার বাইরে দুটি তালা দেওয়া থাকায় ভেতরে ঢুকতে পারেননি। পরে আবার পাথরঘাটায় বাবার বাসায় ফিরে যান। গতকাল সকালে পুলিশ খবর দিলে বাসায় এসে তিনি স্বামীর বস্তাবন্দী লাশ দেখতে পান। তিনি বলেন, স্বামীর সঙ্গে তাঁর দাম্পত্য কলহ ছিল। কিন্তু স্বামীকে এভাবে মেরে ফেলবেন ভাই, এর কিছুই তিনি জানতেন না।

সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক এ এম ফারুক বলেন, নিহত ব্যক্তির গলা, বুকসহ শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি বাসায় পাওয়া গেছে।

টেরিবাজারের ওই ভবনের মালিক পরিমল দত্ত বলেন, পুলিশ আসার পর তাঁরা জানতে পারেন অঞ্জনকে বাসার ভেতর খুন করা হয়েছে। দুই বছর আগে পঞ্চম তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন অঞ্জন। ফ্ল্যাটে অঞ্জনের স্ত্রী, ছেলে-মেয়ে ও শ্যালক বাবলু থাকতেন। তিনি বলেন, ভবনটিতে কোনো প্রহরী নেই। সব ভাড়াটিয়ার কাছে মূল গেটের চাবি রয়েছে। রোববার রাতে অঞ্জনের স্ত্রীর সঙ্গে এক লোককে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে দেখেছেন বলে দাবি করেন তিনি।

পরিমল দত্ত পাঁচতলা ওই ভবনের নিচতলায় থাকেন।

নিহত অঞ্জন ধরের গ্রামের বাড়ি বাঁশখালীর জলদি গ্রামে। ভাইয়ের মৃত্যুসংবাদ পেয়ে টেরিবাজারের বাসায় ছুটে আসেন বীণা ধর। তাঁর দাবি, প্রিয়াঙ্কা খুনের কথা আগে থেকে জানতেন না, এটা তিনি বিশ্বাস করেন না।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, নিহত ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শ্যালক বাবলু হত্যার কথা স্বীকার করেছেন। সব বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে।