ভগ্নিপতিকে গলা কেটে হত্যা, শ্যালক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারালো দা দিয়ে ভগ্নিপতিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের পূর্ব দুরমুজখালী গ্রামে। নিহত ব্যক্তির শ্যালক নূরুল আলমকে (২৭) আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম আবদুল আজিজ শেখ (৪৫)। তিনি শ্যামনগর উপজেলার দুরমুজখালী গ্রামের আবদুল্লাহ শেখের ছেলে ও একই এলাকার কাটামারি জামে মসজিদের ইমাম ছিলেন।
আটক হওয়া ব্যক্তির ভাই নূরুল হুদা বলেন, তাঁর বড় ভাই নূরুল আলম নেশাগ্রস্ত। তিনি মা আতরজান বিবিকে গালাগাল করছিলেন। এ সময় ভগ্নিপতি আবদুল আজিজ শেখ গিয়ে তাঁকে থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে নূরুল আলম ভগ্নিপতির কাছে ওষুধ কেনার টাকা চান। তিনি দিতে অপারগতা প্রকাশ করে বলেন, ‘ওষুধ কিনতে হবে না, তোর রোগ সারাতে তাবিজ করে দেব।’ এ কথা বলার সঙ্গে সঙ্গে নূরুল আলম পাশে থাকা দা দিয়ে ভগ্নিপতি আবদুল আজিজ শেখকে উপর্যপুরি কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন।
প্রতিবেশী একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, আবদুল আজিজ শেখ ও তাঁর শ্বশুর আবদুল গণির বাড়ি পাশাপাশি। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নূরুল আলম ‘মা ডাকছেন’ বলে ভগ্নিপতি আবদুল আজিজ শেখকে ডেকে আনেন। এখানে আসার পরপরই তাঁকে দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পর নূরুল আলম পাশের চিংড়ি ঘের পাহারার ঘরে শুয়ে ছিলেন। খবর পেয়ে স্থানীয় লোকজন সেখান থেকে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
শ্যামনগর থানার ওসি সৈয়দ আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নূরুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।