ভগ্নিপতির বিরুদ্ধে সম্বন্ধী হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার উত্তর সেকান্দরনগর গ্রামের হাবি রহমান (২৫) নামের এক ব্যক্তি পাওনা টাকা চাইতে গিয়ে ভগ্নিপতির হাতে খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
অভিযুক্ত ভগ্নিপতি হলেন ধলা গ্রামের হোসেন মিয়া (২৬)। তিনি পলাতক। ওই ঘটনায় জড়িত সন্দেহে হোসেনের ছোট ভাই আবুল মিয়া (২৩) ও হোসেনের বন্ধু একই গ্রামের রফিকুল ইসলামকে (২৫) গত মঙ্গলবার পুলিশ ৫৪ ধারায় গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে থাকায় ওই দুজনের সঙ্গে এবং পলাতক থাকায় হোসেন মিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।
নিহত ব্যক্তির স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবি রহমানের কাছ থেকে তাঁর ছোট ভগ্নিপতি হোসেন মিয়া দেড় লাখ টাকা ধার নেন। হোসেন ওই টাকা পরিশোধ না করে টালবাহানা শুরু করেন। গত সোমবার রাত আটটার দিকে স্থানীয় কাওয়াখালী বাজারের কাছে হোসেন মিয়াকে পেয়ে হাবি তাঁর পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হোসেন তাঁর হাতে থাকা টর্চলাইট দিয়ে হাবি রহমানের মাথায় আঘাত করেন। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন হাবিকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই রাতেই তাঁকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরদিন মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকায় তিনি মারা যান। গতকাল কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে নিয়ে আসা হয়।
নিহত হাবির চাচা স্থানীয় ধলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল জব্বার বলেন, ‘পাওনা টাকা চাইতে গিয়ে আমার ভাতিজা খুন হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন বলেন, টাকাপয়সা লেনদেন-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত হত্যা মামলা হয়নি। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।