ভটভটিচালককে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পলুপাড়া গ্রামের সাহেব আলী (৩৫) নামের এক ভটভটিচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। সাহেব আলী পলুপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সাহেব আলী রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। গভীর রাত পর্যন্ত বাড়িতে ফেরেননি। গতকাল সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন উপজেলার বগলাগাড়ি মধ্যপাড়া গ্রামের আশরাফুল ইসলামের বাড়ির সামনের সড়কে সাহেব আলীর লাশ পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় সাহেব আলীর বড় ভাই আবদুল বাকি বাদী হয়ে আশরাফুল ইসলামসহ চারজনকে আসামি করে গতকাল থানায় হত্যা মামলা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম দাবি করেন, আশরাফুল জিনের বাদশা প্রতারক চক্রের সদস্য। প্রতারণার টাকা ভাগাভাগি নিয়ে সাহেব আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হতে পারে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
নিহত সাহেব আলীর বড় ভাই আবদুল বাকি বলেন, ‘পরিকল্পিতভাবে আমার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’