ভণ্ড পীরের বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার লটাখোলা গ্রামে ভণ্ড পীর মতিউর রহমানের আস্তানা পুলিশ ঘিরে রেখেছে। এদিকে মতিউরের বিরুদ্ধে জমি দখলসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।

গত শনিবার রাতে মতিউরের আস্তানা সিলগালা করে দেয় উপজেলা প্রশাসন। তবে এর আগেই মতিউর ও তাঁর অনুসারীরা পালিয়ে যান। এ বিষয়ে ১০ অক্টোবর ‘দোহারে কথিত পীরের আস্তানা সিলগালা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

গতকাল সোমবার দুপুরে লটাখোলা গ্রামে গিয়ে দেখা গেছে, মতিউরের আস্তানার প্রবেশপথে মানুষের ভিড়। সেখানে রয়েছে পুলিশ পাহারা। মতিউরের প্রধান আস্তানাসহ পাঁচটি টিনশেড ঘর এবং তিন কক্ষের পাকা একটি ভবন তালা ঝুলিয়ে সিলগালা করে দিয়েছে প্রশাসন। আস্তানায় বিভিন্ন ধরনের অসংখ্য বই ও আসবাব যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

মতিউরের প্রতিবেশী আবদুর রহমান বলেন, তিনি বিদেশে চলে যাওয়ার পর মতিউর তাঁর ১২ শতাংশ জায়গা দখল করে সেখানে টিনশেডের তিনটি ঘর নির্মাণ করেন।

আরেক প্রতিবেশী বেদনারানী পাল (৮২) বলেন, প্রায় ৬০ বছর ধরে তিনি পৈতৃক ৮ শতাংশ জমি ভোগদখল করছেন। ছয়-সাত বছর ধরে মতিউর তাঁদের সাড়ে ৩ শতাংশ জায়গা দখল করে একটি টিনশেড ঘর বানিয়ে সেখানে আস্তানা গড়ে তোলেন। এর প্রতিবাদ জানালে তাঁকে ও তাঁর ছেলেকে মারধর করেন ও হুমকি দেন।

এদিকে মতিউরের বিরুদ্ধে বেশি দামে ওষুধ বিক্রি করার অভিযোগ উঠেছে। জয়পাড়া গ্রামের বাসিন্দা ফিরোজ মোল্লা (৪২) বলেন, মতিউর বাইরে থেকে ওষুধ কিনে এনে তাতে নিজের নাম লেখা মোড়ক লাগাতেন। একটি কাশির সিরাপের দাম বাইরে ৩০-৪০ টাকা। কিন্তু মতিউর তাঁর কাছে আসা নারী রোগীদের কাছে তা দেড় থেকে দুই হাজার টাকায় বিক্রি করতেন। রোগী দেখে তাঁদের কাছ থেকে পাঁচ-সাত হাজার টাকা করে সম্মানী নিতেন।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল আমিন বলেন, মতিউরের বাড়িটি সিলগালা করে দেওয়া হয়েছে। সেখানে পুলিশ পাহারা রয়েছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় উপপরিদর্শক মো. তসলিম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এই পীরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত রোববার রাতে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। এ ছাড়া মতিউর ও তাঁর অন্য সহযোগীদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।