ভদ্রবেশী চোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের বাড়িতে তাঁর চা ও মুদির দোকান আছে। নিজ এলাকায় তিনি ভদ্রলোক হিসেবেই পরিচিত। কিন্তু এই মানুষটি এলাকার বাইরে গিয়ে চুরি করেন। গত সোমবার খাগড়াছড়ির দীঘিনালার থানা বাজার এলাকায় চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েন তিনি। পরে আবুল কাশেম (৩৩) নামের ওই ব্যক্তিকে পুলিশের হাতে সোপর্দ করেন জনতা।
রাঙামাটির নানিয়ারচর উপজেলার ১৫ নম্বর পুনর্বাসন টিলা এলাকার স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকার বাসিন্দা আবুল কাশেমের চায়ের ও মুদি মালের দোকান আছে। কিন্তু তিনি বেশির ভাগ সময় এলাকার বাইরে থাকেন। গ্রামের ওই দোকান চালান তাঁর স্ত্রী।
দীঘিনালা থানা বাজারের মোবারক হোসেন জানান, সোমবার ভোররাতে থানা বাজার এলাকার ভুলু মেম্বারের বাড়ি থেকে দুটি মুঠোফোন চুরি করেন কাশেম। পরে আরেক বাড়িতে চুরি করতে গেলে জনতা টের পেয়ে তাঁকে ধরে ফেলে। পরে তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল সরদার মুঠোফোনে বলেন, কাশেম এলাকায় ভদ্র হিসেবেই পরিচিত। তবে একসময় তিনি চুরি করতেন। আর তিনি এলাকায় তেমন থাকেন না, মাঝেমধ্যে এসে আবার চলে যান।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, কাশেমকে গ্রেপ্তার দেখিয়ে খাগড়াছড়ি জেলহাজতে পাঠানো হয়েছে।