ভদ্রবেশে প্রতারণা
পরনে দামি শার্ট-প্যান্ট, হাতে মুঠোফোন ও ডায়েরি। ‘আপাদমস্তক ভদ্রলোকটি’ বাজারে ঢুকে নিজেকে পরিচয় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের কর্মকর্তা হিসেবে। এরপর বাজারে বিভিন্ন দোকান থেকে কিনতে থাকেন প্রচুর মাছ, মাংস, কাঁচামালসহ অন্য সওদা।
তবে এসব কিনতে তিনি কাউকে কোনো টাকা পরিশোধ করেননি। উল্টো দুই দোকানির কাছ থেকেই বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছেন। গতকাল সোমবার সকালে জয়পুরহাটের আক্কেলপুরে পৌর শহরের কলেজ হাটে প্রতারণার এ ঘটনাটি ঘটে।
কলেজ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই ব্যক্তি প্রথমে মাছ বাজারে এসে বাবু হোসেনের কাছে নিজেকে ইউএনও কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ২৭ কেজি কাতল মাছ কিনে তাঁর দোকানে রেখে দেন। এ সময় তিনি মুঠোফোনে কোনো একজনকে দ্রুত ব্যাংক থেকে ৭০ হাজার টাকা নিয়ে বাজারে চলে আসতে বলেন।
এরপর তিনি মাছ বিক্রেতা বাবু হোসেনের কাছে ৪০০ টাকা নিয়ে মাংসের বাজারে যান। এ সময় খাসির মাংস বিক্রেতা বোল্লা তাঁকে মাংস লাগবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘২০ কেজি মাংস লাগবে।’
তখন বোল্লার কাছে এত মাংস না থাকায় তিনি দ্রুত খাসি আনতে বাড়িতে চলে যান। এরপর ওই ব্যক্তি মুরগির বাজারে গিয়ে নাজমুলের দোকানে ২৭টি দেশি ও ১০টি সাদা ব্রয়লার মুরগি কিনে জবাই করে তাঁর দোকানেই রেখে কাঁচাবাজারে যান।
এরপর তিনি ১৫ জন দোকানির কাছ থেকে তিন বস্তা কাঁচামাল কিনে একটি দোকানে সেগুলো রেখে মসলার দোকানে গিয়ে তিন হাজার টাকার সওদা করে দোকানির কাছ থেকে ৫০০ টাকা নেন। এর মধ্যে মাংস বিক্রেতা বোল্লা ২০ কেজি মাংস প্রস্তুত করে রাখেন। দীর্ঘ সময়ে ওই ব্যক্তি মাংস নিতে না আসায় বোল্লা তাঁকে বাজারের ভেতরে খুঁজতে থাকেন। এরপর তাঁরা বুঝতে পারেন তাঁরা প্রতারিত হয়েছেন।
মাছ বিক্রেতা বাবু হোসেন বলেন, ‘ইউএনও অফিসের কর্মকর্তা বলে তাঁকে কম দামে বড় বড় কাতল মাছ মেপে দিলাম। মাছগুলো রেখে ৪০০ টাকা মেরে দিয়ে চলে গেছে। পরে দেড় হাজার টাকা লোকসানে মাছগুলো বিক্রি করছি।’
মাংস বিক্রেতা বেলাল বলেন, ‘তাঁর জন্য রাখা মাংস পরে কম দামে বিক্রি করতে হয়েছে।’
কলেজ বাজার বণিক সমিতির সভাপতি কাজী শফিউদ্দিন জানান, ওই ব্যক্তি কলেজ হাটে এসে খাসির মাংস, মুরগি, মাছ, তরকারি বাকিতে কিনে রেখে দুই দোকানির কাছ থেকে ৯০০ টাকা নিয়ে সটকে পড়েছেন।
আক্কেলপুরের ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি।’