
নিজ দল আওয়ামী লীগের ডাকা হরতাল উপেক্ষা করে গতকাল রোববার উপজেলা প্রাণিসম্পদ উন্নয়নকেন্দ্রের ভবন উদ্বোধন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাংসদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক। তবে ১৪৪ ধারা জারি থাকায় পূর্বঘোষিত সুধী সমাবেশ হয়নি। এই সমাবেশে প্রধান অতিথি থাকার কথা ছিল ছায়েদুল হকের।
এদিকে বিজয়নগরে সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল রোববার সকাল থেকে মাঠে ছিলেন। বেলা একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকায় ছাত্রলীগের জটলা থেকে ছোড়া ইটের আঘাতে এক পুলিশ কর্মকর্তা আহত হন।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে বলা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজয়নগরে গতকালের সুধী সমাবেশে অনেককে আমন্ত্রণ জানানো হলেও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং সাধারণ সম্পাদক আল মামুন সরকার ছিলেন উপেক্ষিত। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগ গত বৃহস্পতিবার মন্ত্রীর সফর প্রতিহত করতে হরতাল ডাকে। এই অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলায় গতকাল ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
সরেজমিনে দেখা গেছে, বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় সভাপতি মাহবুব হোসেন ও সম্পাদক রাজিব আহমেদের নেতৃত্বে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা জুতা হাতে ছায়েদুল হকের বিরুদ্ধে নানা স্লোগান দেন। বেলা একটার দিকে ছায়েদুল হকের গাড়িবহর ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকা অতিক্রম করার সময় বাধা সৃষ্টির চেষ্টা করেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। একপর্যায়ে ছাত্রলীগের জটলা থেকে ছোড়া ইটের আঘাতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ আহত হন। তাঁকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা কপালে চারটি সেলাই দেন।
বেলা দেড়টার দিকে ছায়েদুল হক বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ উন্নয়নকেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করে মতবিনিময় করেন। এ সময় ভবনের অদূরে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নাহার ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা নাকলু আক্তারের নেতৃত্বে শতাধিক নারী-পুরুষ জুতা ও কালো পতাকা হাতে ছায়েদুল হকের বিরুদ্ধে স্লোগান দেন। বেলা আড়াইটার দিকে ছায়েদুল হক উপজেলা প্রাণিসম্পদ উন্নয়নকেন্দ্র ত্যাগ করার সঙ্গে সঙ্গে ভবনের অদূরে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। মন্ত্রী ভবন ত্যাগের সঙ্গে সঙ্গে ভবনের নামফলক ভেঙে ফেলার চেষ্টা করা হয়।
যেভাবে বিরোধের শুরু
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাসিরনগর দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে সাংসদ মোকতাদির চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সঙ্গে ছায়েদুল হকের বিরোধ দেখা দেয়। পরবর্তী সময়ে নাসিরনগরের সাম্প্রদায়িক হামলা ও জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকাজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক, জ্যেষ্ঠ সহসভাপতি হেলাল উদ্দিন, সহসভাপতি তাজ মো. ইয়াছিন, বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়ী হওয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম, জেলা যুবলীগের আহ্বায়ক শাহনুর ইসলামসহ জেলার অনেক নেতাই এখন মন্ত্রীর অনুসারী হিসেবে পরিচিত। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের জাতীয় পার্টির সাংসদ জিয়াউল হক মৃধাও মন্ত্রীর দলে যোগ দিয়েছেন।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ছায়েদুল হক জেলা আওয়ামী লীগের কোনো সিদ্ধান্ত মানেন না। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে পছন্দমতো প্রার্থী বাছাই করেছেন। গত বছর জুনে ছায়েদুল হককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হলেও তিনি জবাব দেননি। এ জন্য জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রে সুপারিশ করে জেলা আওয়ামী লীগ।
গতকাল প্রাণিসম্পদ উন্নয়নকেন্দ্রে ছায়েদুল হক সাংবাদিকদের বলেন, ‘আমি আওয়ামী লীগে গ্রুপিং করছি না, মোকতাদির চৌধুরী জেলা আওয়ামী লীগে বিরোধ সৃষ্টি করছেন। আমি নেত্রীকে বলেছি, আওয়ামী লীগে যে তাঁর (মোকতাদির চৌধুরী) ভক্ত তিনি তাঁকে কাছে রাখেন। আর যে তাঁর ভক্ত না তাঁকে আওয়ামী লীগ থেকে বাদ দিয়ে মামলা দেন।’
মন্ত্রী আরও বলেন, ‘নবনির্মিত প্রাণিসম্পদ উন্নয়নকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়টি মোকতাদির চৌধুরীকে অফিশিয়ালি জানানো হয়েছে। নেত্রী (প্রধানমন্ত্রী) আমাকে বলার পর আমি বলেছি যে কোনো দাওয়াত কার্ড করিনি।’
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ বলেন, পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় বিজয়নগর থানার এসআই জালাল উদ্দিন ভূঁইয়া অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করে মামলা করেছেন।
বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভুঁইয়া বলেন, পুলিশ কর্মকর্তার আঘাত পাওয়ার বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা। এর সঙ্গে আমাদের কোনো নেতা-কর্মী জড়িত নন।
সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জেলা আওয়ামী লীগে আমি কোনো বিরোধ লাগাইনি। জেলার বিভিন্ন সমাবেশে তিনি (মন্ত্রী) এবং তাঁর লোকজন যেসব ভাষা ব্যবহার করছেন, সেটা কোনো ভদ্রলোকের ভাষা নয়। তিনি আজকের অনুষ্ঠানে উপজেলা পরিষদ এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগকে উপেক্ষা করেছেন। তিনি দলের সাধারণ সম্পাদককেও জানানোর প্রয়োজন বোধ করেননি।’ তাঁকেসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগকে অফিশিয়ালি দাওয়াত দেওয়া হয়েছে—মন্ত্রীর এমন দাবি প্রসঙ্গে তিনি বলেন, এটা তিনি সঠিক বলেননি।