ভবন ছাড়া সব বেদখল

মোহাম্মদপুর টাউন হলসংলগ্ন জাকির হোসেন রোডে অবস্থিত শাহীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে গিয়ে বোঝার উপায় নেই এখানে পাঠদান হয়। একপাশে দেয়াল ঘেঁষে বড় ডাস্টবিন। একজন শিক্ষক জানান, এই ডাস্টবিনটি স্থায়ী হয়ে গেছে। কোনোভাবেই সরানো যাচ্ছে না। সরাতে গেলে বাধা আসে। সব সময়ই দুর্গন্ধ ছড়াচ্ছে। বাকি তিন পাশে ছোটবড় ঘর। পুরো এলাকাই নোংরা।
গত বৃহস্পতিবার কোনোমতে বিদ্যালয়ে প্রবেশ করে দেখা যায়, চারজন শিক্ষক বসে আছেন। শিক্ষক আমেনা খাতুন জানান, তিনি এই বিদ্যালয় থেকেই পাস করেছেন। তাঁর বাবাও এই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি ১৯৮৬ সালের দিকে এই বিদ্যালয়ে পড়তেন। তখন ৫০০-৬০০ শিক্ষার্থী ছিল, পরিবেশের কারণে এই সংখ্যা এখন ১৬০-এ দাঁড়িয়েছে। এদেরও অনেকে অনুপস্থিত থাকে।
শিক্ষকেরা জানান, বিদ্যালয়ের ভবনের জায়গাটুকু বাদে বাকি সব জায়গাই দখল হয়ে গেছে। বিদ্যালয়ের সামনের মাঠ বলতে আর কিছু নেই। দখলদারদের বেশির ভাগই অবাঙালি, কিছু বাঙালি পরিবারও থাকে। শিক্ষকদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে এখানে বিদ্যালয়টি টিকিয়ে রাখাই কষ্টকর হবে।