জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত দেড় মাস নতুন ভবন নিয়ে তিন বিভাগের মধ্যে দ্বন্দ্বের জের ধরে গতকাল পরিবেশবিজ্ঞান ভবন দখল করে নিয়েছে ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
তিন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বেলা দেড়টার দিকে ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভিন্ন কক্ষের তালা ভেঙে নতুন তালা ঝুলিয়ে দেন। এ সময় তাঁরা পরিবেশবিজ্ঞান বিভাগের সভাপতি এ এন এম ফখরুদ্দিন, শিক্ষক এ এইচ এম সা’দৎ, মোহাম্মদ এমাদুল হুদা, ফাহমিদা পারভীনসহ কয়েকজন কর্মচারীকে বিভাগে অবরুদ্ধ করে রাখেন।
পরিবেশবিজ্ঞান বিভাগের অবরুদ্ধ কয়েকজন শিক্ষক বিকেলে মুঠোফোনে অভিযোগ করেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি মোহাম্মদ শরীফ উদ্দিন, শিক্ষক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান এবং ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের হাসান ইমামসহ আরও কয়েকজনের নেতৃত্বে দুই বিভাগের শিক্ষার্থীরা পরিবেশবিজ্ঞান বিভাগের ঢুকে পড়েন। এরপর তাঁরা শিক্ষকদের বিভিন্ন কক্ষে অবরুদ্ধ করে ফেলেন। এ ঘটনার পর পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা ভবনের তৃতীয় তলায় তাঁদের বিভাগে প্রবেশের চেষ্টা করলে বাধা দেন অন্য দুই বিভাগের শিক্ষার্থীরা। পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক ফাহমিদা পারভীন বলেন, ‘হঠাৎ করে অনেক ছাত্র বিভাগে ঢুকে সবাইকে অবরুদ্ধ করে একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। একপর্যায়ে তারা আমাকে আমার কক্ষ থেকে বের করে দেয়।’ কোনো শিক্ষককে অবরুদ্ধ করা হয়নি জানিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, ‘কিছুদিন আগে একটা সমঝোতা হয়েছিল। কিন্তু পরিবেশবিজ্ঞান বিভাগ সেই সমঝোতা উপেক্ষা করেই তিন তলায় উঠে যায়। তাই এখন আমরা তৃতীয় তলার কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়েছি।’
প্রক্টর তপন কুমার সাহা বলেন, এখন (গতকাল সন্ধ্যায়) জরুরি সিন্ডিকেট অনুষ্ঠিত হচ্ছে। সেখানে এটা নিয়ে আলোচনা হয়েছে।