ভবন দ্বন্দ্বে পরিবেশবিজ্ঞান বিভাগে হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলসংলগ্ন নবনির্মিত ভবনে পরিবেশবিজ্ঞান বিভাগের ওঠাকে কেন্দ্র করে তিনটি বিভাগের মধ্যে দেড় মাস ধরে দ্বন্দ্ব চলছে। এর জের ধরে গত শুক্রবার রাতে পরিবেশবিজ্ঞান বিভাগে, ভূতাত্ত্বিকবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
দীর্ঘ সময় একটা সমস্যা বিরাজমান থাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ক্ষতিকর উল্লেখ করে অর্থনীতি বিভাগের শিক্ষক আনু মুহাম্মদ বলেন, পরিকল্পনাহীনতা, অদক্ষতা এসব সমস্যার জন্ম দিচ্ছে। সমস্যা সমাধানে দায়িত্বপ্রাপ্ত নয় এমন কারও হস্তক্ষেপ আরও সংকট সৃষ্টি করছে।
পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত শুক্রবার রাত পৌনে নয়টার দিকে ভূতাত্ত্বিকবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মশাল মিছিল শেষ করে ভবনের সামনে জড়ো হন। এরপর মিছিল থেকে তিনতলায় ঢিল ছুড়লে একটি জানালার কাচ ভেঙে যায়। ঢিল লেগে ওই বিভাগের ৪৩ ব্যাচের শিক্ষার্থী মো. মমিনুল ইসলাম আহত হন। এ বিষয়ে ওই দিন রাত ১১টার দিকে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগের শিক্ষকেরা।
বিভাগের শিক্ষক এ কে এম রাশিদুল ইসলাম বলেন, ‘আমরা অভিযোগ দিয়েছি।’ এদিকে হামলার প্রতিবাদে গতকাল বেলা একটার দিকে মৌন মিছিল ও মানববন্ধন করেছে পরিবেশবিজ্ঞান বিভাগ।
প্রশাসনিক ভবন অবরোধ: গতকাল শনিবার তৃতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছিলেন ভূতাত্ত্বিকবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সকাল সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তিনটি ফটক অবরোধ করে রাখেন তাঁরা।