ভবন নির্মাণে নিম্নমানের ইট ও রড ব্যবহারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার লালদিঘী পীরপাল ডিগ্রি কলেজে ভবন নির্মাণে নিম্নমানের ইট ও রড ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই কলেজের পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য মশিউর রহমান।

রংপুরের শিক্ষা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, ওই কলেজের তৃতীয় ও চতুর্থ তলা ভবন নির্মাণের জন্য গত বছর ১ কোটি ২৫ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়। ওই কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পবন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার ফরহাদ। গত জুনে তিনি নির্মাণকাজ শুরু করেন।

ওই কলেজে গত বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা যায়, ভবনের তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছে। সেখানে উপস্থিত কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য মশিউর রহমান অভিযোগ করেন, দরপত্র অনুযায়ী ছাদ ঢালাইয়ে এক নম্বর পিকেট ইটের খোয়া ও ৬০ গ্রেড মানের রড ব্যবহার করার নির্দেশনা রয়েছে। কিন্তু এর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে স্যালট (আধা পোড়া) ইটের খোয়া ও ৪০ গ্রেড রড। এটা ইমারত নির্মাণ কোড পরিপন্থী। এতে ভবনটি ঝুঁকিপূর্ণ হবে।

লালদিঘী পীরপাল কলেজের অধ্যক্ষ নজরুল ইসলামও একই অভিযোগ করে বলেন, ‘ভবনের ছাদ ঢালাইয়ের কাজে নিম্নমানের ইটের খোয়া ও ৪০ গ্রেড রড ব্যবহার না করার কথা ঠিকাদার ও তাঁর লোকজনকে বলেছি। কিন্তু তাঁরা আমার কথা শোনেননি।’

ওই সময় ঠিকাদার ইঞ্জিনিয়ার ফরহাদকে সেখানে পাওয়া যায়নি। শাফিয়ার রহমান নামে এক ব্যক্তি নিজেকে ঠিকাদারের শ্বশুর পরিচয় দিয়ে বলেন, ‘ঠিকাদার ব্যস্ত থাকায় আমি কাজ দেখাশোনা করছি। ছাদ ঢালাইয়ে কোনো অনিয়ম হচ্ছে না।’ নির্মাণাধীন ভবনের পাশে নিম্নমানের ইটের স্তূপ ও ইটের খোয়া প্রসঙ্গে বলেন, ‘ইটভাটার মালিক ভুল করে কিছু নিম্নমানের ইট এখানে পাঠিয়ে ছিলেন। এগুলো ফেরত দেওয়া হবে। চালের সঙ্গে কিছু মরা চালও থাকে। এত ধরলে কাজই করা যাবে না।’

শাফিয়ারের সঙ্গে কথা বলতে বলতেই সেখানে একটি নীল রঙের মাইক্রোবাসে এসে নামেন উপজেলা শিক্ষা প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী আশীষ বোস। অনিয়ম প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো অনিয়ম হচ্ছে না। দরপত্রের শিডিউল অনুযায়ী রড ব্যবহার করা হচ্ছে। তবে পিকেট ইটের খোয়ার সঙ্গে কিছু দুই নম্বর ইটের খোয়া থাকতে পারে, এটা ধরলে চলবে না। যদি ধরি, তাহলে কেউ কাজ করবে না।’

অভিযোগ প্রসঙ্গে ফরহাদ গতকাল শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওই কলেজের ভবনের ছাদ ঢালাইয়ে এক নম্বর পিকেট ইটের খোয়া, ৬০ গ্রেড মানের রড, ভালো মানের সিমেন্ট ও পঞ্চগড়ের বালু ব্যবহার করা হচ্ছে। যাঁরা নিম্নমানের কাজের কথা বলছেন, তাঁদের উদ্দেশ্য ভালো নয়।’

বদরগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজ পরিচালনা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘ওই কলেজের ভবন নির্মাণে নিম্নমানের কাজের অনিয়মের কথা শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’