ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চবিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
ঠিকাদারেরা এ কাজ করেছেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেছেন এলাকাবাসী। গত ২৫ নভেম্বর লিখিত অভিযোগ দেন তাঁরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটির জন্য একটি নতুন দোতলা ভবন, একটি একতলা ভবনের দ্বিতীয় তলার একাংশ ও তৃতীয় তলা নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ৮৩ লাখ ৩৩ হাজার ৭৬৩ টাকায় নতুন ভবন নির্মাণের কাজ পায় ব্রাহ্মণবাড়িয়ার মেসার্স খসরু মিয়া নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। অপর ভবনটি বর্ধিতকরণের কাজ পায় ব্রাহ্মণবাড়িয়ার মেসার্স মোক্তার হোসাইন নামের একটি প্রতিষ্ঠান। এ কাজে ব্যয় ধরা হয় ৪০ লাখ ১৪ হাজার ৪১৯ টাকা। গত ১৫ জুলাই থেকে ভবন দুটির কাজ শুরু হয়।
বাঞ্ছারামপুর গ্রামের বাসিন্দা কামাল আহাম্মেদ অভিযোগ করেন, ‘দুটি ভবনের কাজেই ৬০ গ্রেডের রড ব্যবহারের কথা। কিন্তু দুই ঠিকাদারই নিম্নমানের রড ও নম্বরবিহীন ইট ব্যবহার করছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা বাধা দিয়েছি। কিন্তু কাজ হয়নি। তাই লিখিতভাবে ইউএনও স্যারকে জানিয়েছি।’
প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘ভবন দুটির কাজে নিম্নমানের রড, ইট ব্যবহার করছেন ঠিকাদারের লোকজন। আমরা তো বারবার এগুলো সরিয়ে ভালো রড, ইট দিতে বলছি। কিন্তু আমাদের কোনো কথা ঠিকাদার কানে নিচ্ছেন না।’
সরেজমিনে গত ২৭ নভেম্বর দেখা গেছে, বিদ্যালয় মাঠের পশ্চিম প্রান্তের পাকা ভবনটির দ্বিতীয় তলার তিন-চতুর্থতাংশ করাই আছে। সেটির বাকি অংশসহ তৃতীয় তলা করা হবে। উত্তর প্রান্তে চলছে নতুন ভবন নির্মাণের কাজ। দুই সপ্তাহ আগে ওই ভবনের কাজ শুরু হয়েছে বলে জানান শ্রমিকেরা।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপসহকারী প্রকৌশলী আহসান উল্লাহ বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে ২৮ নভেম্বর নির্মাণকাজ সরেজমিনে দেখে এসেছি। ভবন বর্ধিত করার কাজে রাখা রডের মান খারাপ হওয়ায় ওই দিনই বর্ধিতকরণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ কাজের ঠিকাদার মুক্তার হোসাইন না থাকায় তাঁর লোকজনকে লিখিতভাবে এ নির্দেশ দেওয়া হয়।’ অপর ভবনের কাজ সম্পর্কে প্রকৌশলী বলেন, ‘ঠিকাদার খসরু মিয়া ভুল করে দুই নম্বর ইট নিয়ে এসেছেন। প্রায় দুই সপ্তাহ আগেই এগুলো তাঁকে সরিয়ে ফেলতে বলেছি।’
ঠিকাদার খসরু মিয়া বলেন, ‘রডের গায়ে কিছু কাটা-ছেঁড়া থাকবেই। ইটটা ভুলে অন্য সাইট থেকে আনা হইছে। ওইগুলা দুই নম্বর হওয়ায় ফেরত দিয়া দিব।’ঠিকাদার মোক্তার হোসাইন বলেন, ‘প্রকৌশলীর সঙ্গে কাজ বন্ধ রাখার বিষয়ে কোনো কথা হয়নি। রডের মান কিছু খারাপ ছিল। আমি ওগুলো বদলিয়ে ভালো রড দেব।’ঠিকাদার মোক্তারের দাবি সম্পর্কে প্রকৌশলী আহসান উল্লাহ বলেন, ‘ঠিকাদার এমন দাবি করবেন বলেই কাজ বন্ধ রাখতে তাঁকে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ইউএনও মামুনুর রশিদ বলেন, ‘বিদ্যালয়টির ভবন নির্মাণে নিম্নমানের রড ও ইট ব্যবহারের অভিযোগ পেয়েছি। উপজেলা প্রকৌশলীকে দিয়ে তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’