পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের তৃতীয় ও চতুর্থ তলার নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল রোববার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী কলেজ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধন শেষে বক্তব্য দেন সাফা ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র ও ধানীসাফা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ, স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রেজাউল ইসলাম, মো. হাসান প্রমুখ।
রেজাউল ইসলাম অভিযোগ করেন, ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ও ইট ব্যবহার করা হচ্ছে। তাঁরা ঠিকাদারের কাছে অভিযোগ করেও ফল পাননি।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে তথ্যপ্রযুক্তি সহায়তায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজগুলোর উন্নয়ন প্রকল্পের আওতায় সাফা ডিগ্রি কলেজের সম্প্রসারণে ভবনের তৃতীয় ও চতুর্থ তলার নির্মাণকাজ চলছে। গত বছরের মে মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান পিরোজপুরের তন্ময় এন্টারপ্রাইজ ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়সাপেক্ষ প্রকল্পটির কার্যাদেশ পায়। কার্যাদেশ পেয়ে ঠিকাদার গত বছর নির্মাণকাজ শুরু করেন।
সাফা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশিদ বলেন, ঠিকাদারের কাছে বারবার নিম্নমানের কাজের অভিযোগ করলেও তিনি গুরুত্ব দেননি।
তন্ময় এন্টারপ্রাইজের মালিক মামনুন হাসান খান অভিযোগ অস্বীকার করে বলেন, শিডিউল অনুযায়ী নির্মাণকাজ করা হচ্ছে।
শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর পিরোজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হাসান শওকত বলেন, ‘কাজের মান খারাপ হলে আমার কাছে লিখিত অভিযোগ করা উচিত ছিল। অভিযোগ খতিয়ে দেখার জন্য আমি সরেজমিনে উপসহকারী প্রকৌশলীকে পাঠাব। কাজের মান খারাপ হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’