ভবন পরিত্যক্ত, বিদ্যালয়ে ছুটি
নির্মাণের ১৬ বছর না পেরোতেই রাজশাহীর বাগমারার বিলমালনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় উপজেলা প্রকৌশলী ও শিক্ষা কর্মকর্তা ৭ সেপ্টেম্বর পরিদর্শনে এসে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেন।
উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন জানান, নিম্নমানের কাজের জন্য নির্মাণের মাত্র ১৬ বছরের মধ্যেই ভবনটি নষ্ট হয়ে গেছে। সঠিকভাবে নির্মাণ করা হলে ৪০ থেকে ৫০ বছরে ভবনটির কোনো ক্ষতির আশঙ্কা ছিল না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বার জানান, আক্তার হোসেন নামের এক ঠিকাদার কাজটি করেছেন। তখন কীভাবে কাজটি হয়েছে তা তিনি বলতে পারবেন না।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের বাগমারা উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে চার লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে বিলমালনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য তিন কক্ষের একটি ভবন নির্মাণ করা হয়। কিন্তু ভবনটি কয়েক বছরের মধ্যেই নষ্ট হয়ে যায়। ভবনের অনেক স্থানে দেয়ালে ও ছাদের বিমে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভবনটি হালকা হেলেও পড়েছে।
চতুর্থ শ্রেণির ছাত্রী পিংকি আক্তার বলে, তারা ভয়ে ভয়ে এত দিন ক্লাস করেছে। ক্লাসের সময় মাঝেমধ্যে পলেস্তারা খসে পড়ত। বৃষ্টি হলে ছাদ থেকে পানি পড়ে।
চলতি বছরের শুরু থেকে ভবনটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ছাদের পলেস্তারা খসে বৃষ্টির পানিও পড়তে থাকে শ্রেণিকক্ষে। এ অবস্থায় চলতি মাসের শুরু থেকে অভিভাবকেরা তাঁদের সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করেন। অভিভাবক ইকবাল হোসেন জানান, ভবনের অবস্থা খারাপ হওয়ায় তিনি সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছেন।
৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পাঠদান বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। এ সময় শুধু শিক্ষার্থীদের হাজিরা নেওয়া হতো। প্রধান শিক্ষক শাহানাজ পারভিন জানান, যেকোনো সময়ে দুর্ঘটনার আশঙ্কায় বিদ্যালয়-সংলগ্ন মাঠে হাজিরা নেওয়া হয়। বিদ্যালয়ের পাশে পাঠদানের বিকল্প কোনো ব্যবস্থা নেই।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, পাঠদানের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ছুটি ঘোষণা
সাময়িক সিদ্ধান্ত। অচিরেই বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে কথা বলার জন্য চেষ্টা করেও ঠিকাদার আক্তার হোসেনের পরিচয় ও প্রতিষ্ঠানের নাম জানা যায়নি।