এক যুগেরও বেশি সময় ধরে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়ন মহিলা সমবায় সমিতি লিমিটেডের সাংগঠনিক কার্যক্রম বন্ধ। অথচ সমিতির সভানেত্রী ও কয়েকজন সদস্য সমিতির ভবনটি ভাড়া দিয়ে ভাড়ার টাকা আত্মসাৎ করছেন অভিযোগ উঠেছে। তবে সভানেত্রী অভিযোগ অস্বীকার করেছেন।
উপজেলা সমবায় কার্যালয়, সমিতির কয়েকজন সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, দরিদ্র নারীদের অবস্থার উন্নয়নের লক্ষ্যে ১৯৭৮ সালে এ সমিতি প্রতিষ্ঠিত হয়। মধ্যনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) তৎকালীন চেয়ারম্যান শাহাবুদ্দিন ফারুকীর উদ্যোগে সরকারি অর্থায়নে মধ্যনগর বাজারের আখড়া সড়কে প্রায় ৪ শতক খাস জমিতে ১৯৭৯ সালে সমিতির জন্য একটি আধপাকা ভবন নির্মাণ করা হয়। কিন্তু ২০০৪ সালের জুন মাসে সমিতির সদস্যদের মধ্যে কমিটি গঠন নিয়ে বিরোধ দেখা দেয়। এর জের ধরে সমিতির কার্যক্রম বন্ধ হয়ে যায়।
গত শনিবার দুপুর ১২টায় সরেজমিনে সমিতির কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে ভবনের সামনে ঝোলানো রশিতে বেশ কিছু কাপড়চোপড় দেখা গেছে।
মধ্যনগর বিপি স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক শহীদ আকন্দ বলেন, ‘আমি ১৪২৩ বাংলা সনে এক বছরের জন্য ঘরটি ৪৫ হাজার টাকায় ভাড়া নিয়েছিলাম। টাকা দেওয়ার সময় সমিতির সদস্য ঝর্না খাতুন, মনোয়ারা বেগম ও প্রণতি রানী উপস্থিত ছিলেন।’
কমিটি নিয়ে বিরোধে কার্যক্রম বন্ধ
এক যুগের বেশি সময় ধরে ভাড়া নিচ্ছেন সভানেত্রী
দ্রুত চালু করার দাবি নারীদের
সমিতির একটি কক্ষের বর্তমান ভাড়াটে অঞ্জন শীল বলেন, ‘আমি এক বছরের জন্য ১৭ হাজার টাকায় সমিতির ওই ঘরটি ভাড়া নিয়েছি। সমিতির সভানেত্রী রহিমা আক্তারের কাছে ৬ হাজার টাকা দিয়েছি।’
সমিতির সভানেত্রী রহিমা আক্তার বলেন, ‘আমি বৈধভাবে ১৭ বছর ধরে ওই সমিতির সভানেত্রী। সমিতির খাতাপত্র ২০০৪ সালে ইউপি চেয়ারম্যান মাসুক রেজা নিজের কাছে নিয়ে নিয়েছেন। এ নিয়ে বিভিন্ন লোকের কাছে গেলেও কোনো সুবিচার পাইনি। আমি ভাড়ার টাকা আত্মসাৎ করিনি। সমিতির ভবনটি অনেক জীর্ণ। এই টাকায় সমিতির ভবন সংস্কার, বৈদ্যুতিক কাজ ও একটি নলকূপ স্থাপন করেছি।’ তিনি দাবি করেন, ‘আমি সমিতির কাগজপত্র ঠিক করে সমিতির কার্যক্রম শুরু করার জন্য চেষ্টা করছি।’
এ বিষয়ে সমিতির অপর এক সদস্য মনোয়ারা বেগম বলেন, দীর্ঘ ১২ বছর ধরে সমিতির কোনো সভা ও সমিতির অডিট কার্যক্রম হচ্ছে না। অবৈধভাবে সমিতির সভানেত্রী দাবি করে রহিমা সমিতির ভবনটি ভাড়া দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন।
উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম ফরায়েজী বলেন, দীর্ঘদিন ধরে সমিতির কার্যক্রম না চলায় এর নিবন্ধন গত বছরের ১৬ জুন জেলা সমবায় কর্মকর্তা বাতিল করেছেন। বিষয়টি সমিতির লোকজনকে জানিয়ে দেওয়া হয়েছে।
ইউএনওমামুন খন্দকার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি এত দিন আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’