প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর দুই বছরেও লালমনিরহাট ডায়াবেটিক হাসপাতাল ভবনের নির্মাণকাজ শেষ হয়নি। এখনো প্রায় ৭ ভাগ কাজ অসমাপ্ত রয়েছে। নির্মাণকাজ শেষ না করেই চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
২০১২ সালের ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাট জেলা সফরকালে জেলা কালেক্টরেট মাঠের জনসভাস্থল থেকে ওই হাসপাতাল ভবনটি নির্মাণাধীন অবস্থায় উদ্বোধন করেন। ওই সময় ৪০ ভাগ কাজ অসমাপ্ত ছিল।
এর আগে ২০১৩ সালের জুলাই-আগস্ট মাসের বিভিন্ন সময় লালমনিরহাট থেকে ঠিকাদারের লোকজন নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ অন্যত্র সরিয়ে নিয়ে যান। এ অবস্থায় গণপূর্ত বিভাগ ভবনটি লালমনিরহাট ডায়াবেটিক সমিতির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতে পারেনি।
লালমনিরহাট ডায়াবেটিক সমিতি সূত্র জানায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে লালমনিরহাট গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ফরিদপুরের মেসার্স হাবিব অ্যান্ড কোম্পানি (জেভি) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ১১ কোটি নয় লাখ টাকা ব্যয়সাপেক্ষ ছয়তলা হাসপাতাল ভবনের নির্মাণকাজ পায়। ২০১১ সালের ৫ মে কাজ শুরু করা হয়। ২০১২ সালের ৫ নভেম্বর নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে ভবনটির নির্মাণকাজ শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি কয়েকবার সময় বাড়িয়ে নেয়।
সর্বশেষ ২০১৪ সালে ৩১ মার্চ কাজটি সম্পূর্ণ সম্পন্ন করার কথা থাকলেও নির্মাণপ্রতিষ্ঠানটি ব্যর্থ হয়। এর আগে ২০১৩ সালের জুলাই-আগস্ট মাসের বিভিন্ন সময় ঠিকাদারি প্রতিষ্ঠানটি পর্যায়ক্রমে নির্মাণকাজে ব্যবহৃত উপকরণের ৮০ ভাগ লালমনিরহাট থেকে অন্যত্র সরিয়ে ফেলে। বাকি ২০ ভাগ নির্মাণ উপকরণ দিয়ে ধীরগতিতে নির্মাণকাজ চালায় এবং চলতি বছরের মার্চ মাসে একপর্যায়ে কাজ অসমাপ্ত রেখেই তারা চলে যায়।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের জন্য দুদিনে ছয়বার ফোন করলেও তিনি ধরেননি। এ ছাড়া ঠিকাদার পক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।
ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ময়নূল ইসলাম বলেন, লালমনিরহাটসহ এ অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার গুরুত্ব বিবেচনা করে অসমাপ্ত কাজ দ্রুত শেষ করে হাসপাতাল ভবনটি সমিতির কাছে হস্থান্তর করা জরুরি। তিনি দাবি করেন, নির্মাণকাজ সম্পন্ন না করায় হাসপাতালের জন্য কেনা মূল্যবান অনেক যন্ত্রপাতি ও লিফট চালু করা যাচ্ছে না। এ কারণে সাধারণ রোগীরা সেবাবঞ্চিত হচ্ছে।
এ ব্যাপারে লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম হুমায়ূন কবীর বলেন, কয়েকবার সময় বাড়িয়ে নিয়েও ঠিকাদারি প্রতিষ্ঠানটি চলতি বছরের ৩১ মার্চের মধ্যে কাজটি সম্পন্ন করতে পারেনি। পানি ও বিদ্যুৎ-সংযোগ, থাইগ্লাস, টাইলস ও গ্রিল লাগানো, রঙের কাজসহ প্রায় ৫০ লাখ টাকার বরাদ্দ মূল্যের ৭ ভাগ কাজ অসমাপ্ত রয়েছে। কাজটি শেষ করতে ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি থেকে ২০১৪ সালের ২৫ মার্চ পর্যন্ত ১০ বার তাগাদা দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি কার্যকর উদ্যোগ নেয়নি।
এ বি এম হুমায়ূন কবীর দাবি করেন, ২০১৪ সালের ২০ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠানটির সঙ্গে নির্মাণকাজের চুক্তি বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রংপুর গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে জরুরি চিঠিও দিয়েছেন।