সন্তান ভালোভাবে মানুষ হবে—এই আশায় নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দিয়েছিলেন মা বীণা বেগম। কিন্তু তিনি প্রতারিত হন। লালনপালনের কথা বলে নেওয়া হলেও সেই সন্তানকে বিক্রি করে দেয় প্রতারক চক্র। গত শুক্রবার রাজধানীর শান্তিবাগ থেকে নবজাতক বিক্রির সঙ্গে জড়িত চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের পর এ তথ্য পায় র্যাব।
উদ্ধার করা শিশুটি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার জন্ডিস ধরা পড়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে নিজের শিশুকে আর অন্যের হাতে তুলে দিতে চান না বীণা বেগম। সন্তানকে নিজেই লালনপালন করতে চান তিনি।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে কথা হয় বীণা বেগমের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, তিন বছর আগে মো. রিয়াজ নামে একজনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। সন্তান পেটে আসার তিন মাস পর স্বামী তাঁকে ছেড়ে চলে যান। এখন অন্যের বাসায় কাজ করে সংসার চলে। থাকেন উত্তর বাড্ডার থানা রোডের একটি টিনশেড বাড়ির এক কামরায়, মায়ের সঙ্গে।
গত ১০ জানুয়ারি বীণা বেগম একটি পুত্রসন্তানের জন্ম দেন। এটিই তাঁর প্রথম সন্তান। সন্তান জন্মের পর এলাকার এক নারী বীণার ছেলেকে সালমা বেগম নামের একজনকে দিয়ে দিতে বলেন। বীণাকে প্রলোভন দেন, বন্ধ্যা ওই নারী নবজাতককে লালনপালন করতে চান। বীণা বলেন, ‘নিজেই খেতে পাই না, সন্তানকে কী খাওয়াব। তাই ছেলেকে তাঁর হাতে দিয়েছিলাম। ভাবছিলাম, আমার বাচ্চা ভালো পরিবেশ পাব, পড়ালেখা শিখাইব। জানতাম না, ওনি বিক্রি করার লাইগা বাচ্চাটা নিছে।’
শুক্রবার র্যাবের এক কর্মকর্তার ফোন পেয়ে নিজের সন্তান বিক্রির কথা জানতে পারেন বলে জানান বীণা। তিনি বলেন, বাচ্চা ফিরে পাওয়ার পর খুব ভালো লাগতেছে। যদি স্যারেরা (র্যাব কর্মকর্তা) আমার বাচ্চা আমারে ফিরায়ে দেয়, আমি আমার বাচ্চা পালব, কাউকে দিব না।’
এ ঘটনায় শুক্রবার চারজনকে গ্রেপ্তার করে র্যা ব। তাঁরা হলেন সালমা বেগম, তাঁর স্বামী সাইফুল ইসলাম, আনোয়ারা ও বাবু মিয়া। এঁদের মধ্যে সালমা বেগম ও সাইফুল ইসলামকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
র্যাব-৩-এর মেজর কামরান কবির উদ্দিন বলেন, ‘নিজের আর্থিক সংকটের কারণেই লালনপালনের জন্য সন্তানকে অন্যের কাছে দিয়েছিলেন বলে আমাদের কাছে মনে হয়েছে।’ শুক্রবার নবজাতকের নানিও র্যাবকে একই ধরনের তথ্য দিয়েছেন বলে জানান মেজর কামরান।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মো. আইয়ুব আলী নবজাতকটির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বলেন, নবজাতকটির জন্ডিস ধরা পড়েছে। অন্য কোনো সমস্যা নেই। পরীক্ষার পর জন্ডিসের মাত্রা জানা যাবে। তার খাবারের জন্য মাকেও হাসপাতালে রাখা হয়েছে।