বরগুনার তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যানের হাতে জখম হওয়া প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুন্দর আলী গাজী (৫৫) ভয়ে এলাকায় যেতে পারছেন না। গত সোমবার তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ শেষে বরগুনায় এসে আশ্রয় নিয়েছেন।
নির্যাতিত ওই শিক্ষক গতকাল মঙ্গলবার সকালে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান ওরফে মিন্টু তাঁকে নির্যাতন করেই ক্ষান্ত হননি। তাঁর কেনা জমির দলিল লেখার কারণে স্থানীয় দলিল লেখক শাহজাহান চৌধুরীর চেম্বারে গত রোববার হানা দেয় মনিরুজ্জামানের লোকজন। এ সময় তারা চেম্বারের আসবাব ও দলিলপত্র নিয়ে গেছে এবং চেম্বারে তালা ঝুলিয়ে দিয়েছে। ওই দলিল লেখক ভয়ে ওই দিনই এলাকা ছেড়ে পালিয়েছেন।
২৩ জুলাই শিক্ষক সুন্দর আলী গাজীকে পিটিয়ে জখম করেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান। জমি দখলে এই নেতাকে বাধা দেওয়ার কারণে তাঁর ওপর এ নির্যাতন চালানো হয়।