ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়, বিচারকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কাছ থেকে মেস-মালিকদের অর্থ আদায়ের ঘটনায় মামলা করেছেন একজন বিচারক। বিষয়টিকে ‘আমলযোগ্য অপরাধ’ হিসেবে উল্লেখ করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম আজ শনিবার স্বতঃপ্রণোদিত হয়ে নগরের মতিহার থানায় একটি এজাহার করে এই আদেশ দেন।

এজহারে বিচারক ২০ অক্টোবর প্রথম আলোর পঞ্চম পৃষ্ঠায় ‘পরীক্ষার্থীকে মেসে থাকতে গুনতে হবে ১০০ টাকা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আদালতের নজরে আসার বিষয়টি উল্লেখ করেন। সেখানে বলা হয়, আদালতের কাছে মনে হয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার মেস-মালিকেরা মেসের বোর্ডারদের কাছে থেকে তাঁদের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা বা তার বেশি হারে চাঁদা দাবি করেছেন। এটি দণ্ডবিধির ৩৮৫ ধারা (চাঁদাবাজি) অনুযায়ী একটি আমলযোগ্য অপরাধ।
এজাহারে উল্লেখ করা হয়, ঐতিহ্যগতভাবে যেকোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীরা আশপাশের শিক্ষার্থীদের মেসে থাকেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া নীতি-নৈতিকতা ও আইনপরিপন্থী। মেস মালিক সমিতির মাধ্যমে এই টাকা নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় আদালত মনে করেন, সমিতির সভাপতি ও সেক্রেটারি দণ্ডবিধির ৩৮৫ ধারা অনুযায়ী অপরাধের সঙ্গে যুক্ত। সমিতি ও সংশ্লিষ্ট থানার মাধ্যমে এই ধরনের আইনবহির্ভূত কাজ প্রতিহত করা দরকার।
এজহারে বলা হয়, এই অপরাধের সঙ্গে মেস-মালিক, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের কারা কারা জড়িত, সে বিষয়টি তদন্ত করে খুঁজে বের করা প্রয়োজন।
এ বিষয়ে মতিহার থানার ভরপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়। আগামী ৫ নভেম্বর পুলিশের প্রতিবেদন জমার দিন ধার্য করেছেন আদালত।
জানতে চাইলে মতিহার থানার ওসি মেহেদী হাসান বলেন, এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার বিষয়ে মেস-মালিকদের অবহিত করা হয়েছে। কেউ যদি টাকা নেয়, তবে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহানগর মেস মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ‘এজহারের বিষয়টি শুনেছি।’