ভর্তি জালিয়াতি: এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তিনি পুলিশ হেফাজতে আছেন। ওই ছাত্রের নাম এলিন শেখ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ল্যান্ড ল অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

আজ সোমবার তাঁকে আদালতে হাজির করে কোতোয়ালি থানা-পুলিশ দুই দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাঁকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। এর আগে সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. সাইদুর রহমান বাদী হয়ে পাবলিক পরীক্ষা আইনে মামলা করেন।

গত ৩০ জানুয়ারি জালিয়াতির মাধ্যমে ভর্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। তাঁদের বিরুদ্ধেও শাহবাগ থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়। পরে তাঁদের গ্রেপ্তারও করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছরের ২২ সেপ্টেম্বর। গ্রেপ্তার ছাত্র এলিন দেড় লাখ টাকার চুক্তির বিনিময়ে অজ্ঞাত একজনকে দিয়ে পরীক্ষা দেওয়ায়।

তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোবারক হোসেন আদালতকে জানান, আসামি এলিন শেখ সাম্প্রতিক সময়ের প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য। জালিয়াতির মাধ্যমে ভর্তি হয়ে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস করে আসছিলেন। প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করার জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

কীভাবে জালিয়াতির মাধ্যমে ওই ছাত্র ভর্তি হয়েছেন, সে ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ওই ছাত্রের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে অজ্ঞাত আরেকজনের ছবি লাগিয়ে জালিয়াতির আশ্রয় নেয়। এভাবে জালিয়াতির মাধ্যমে পরীক্ষা দিয়ে আসামি এলিনকে ভর্তি করায়। তিনি নিয়মিত ক্লাস করার পরও তাঁর ভর্তি পরীক্ষার কাগজপত্র যাচাই-বাছাই করার সময় জালিয়াতির বিষয়টি বিশ্ববিদ্যালয়ের নজরে আসে।

সাইদুর জানান, জালিয়াতির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর কেউ ভর্তি হয়েছে কি না, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। প্রমাণসাপেক্ষে সেসব শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হবে।