ভর্তি জালিয়াতি চক্রের একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের একজনকে ইলেকট্রনিক ডিভাইসসহ আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় প্রকৌশল অনুষদের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা চলাকালে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া আশিক আহমেদ বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা গ্রামের আবদুস সোবহানের ছেলে। তিনি বগুড়ার আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, আশিক জামার ভেতর বুকের সঙ্গে একটি ফোনসেট বিশেষ কায়দায় বেঁধে রেখেছিলেন। তাঁর জামার পকেটের একটা অংশে ছিদ্র রয়েছে। সেই ছিদ্র জামারই বাড়তি অংশ দিয়ে ঢেকে রাখা যায়। যার নিচে লুকানো থাকে ফোনের ক্যামেরা। জামার পকেটের কাছের ওই অতিরিক্ত অংশ সরালেই সামনে থাকা প্রশ্নপত্র দেখা যায়। ফোনের সঙ্গে হেডফোন লাগানো ছিল। ওই হেডফোনের বাটন তাঁর পকেটে ছিল। বাটনে প্রথম চাপে ক্যামেরা চালু হয়। দ্বিতীয় চাপে ছবি ওঠে। আর তৃতীয় চাপে ওই ছবি নির্দিষ্ট ঠিকানায় চলে যায়। এভাবে আশিক তিন চাপে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ছবি বাইরে জালিয়াতি চক্রের কাছে পাঠানোর চেষ্টা করছিলেন। তাঁর কাজই হচ্ছে জালিয়াতি চক্রের কাছে ছবি পাঠানো। আর ওই জালিয়াতি চক্র হয়তো প্রশ্নপত্রের সমাধান করে অন্য পরীক্ষার্থীদের উত্তর পাঠানোর চেষ্টা করত।

সারওয়ার জাহান বলেন, ‘আশিক বিভিন্ন শিক্ষার্থীর রোল নম্বর ব্যবহার করে একাধিক ফরম তুলেছেন। কিন্তু তিনি প্রত্যেক ফরমেই নিজের ছবি ব্যবহার করেছেন। আমরা আগে থেকেই এটা নজরে এনেছিলাম। চতুর্থ বিজ্ঞান ভবনে এইচ ইউনিটে সাড়ে তিনটায় পরীক্ষা দিতে গেলে তাঁকে ধরে ফেলি। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার রাত ১০টায় তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’