ভর্তি জালিয়াতি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া জালিয়াত চক্রের ওই দুই সদস্য হলেন ইশাত ইমতিয়াজ ওরফে হৃদয় ও আল আমিন। ইমতিয়াজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। আর আল আমিন শাবিপ্রবির খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ইশাত ইমতিয়াজ ও আল আমিনকে গ্রেপ্তার করে সিলেটের জালালাবাদ থানার পুলিশ। এ ছাড়া জালিয়াত চক্রের সহায়তায় পরীক্ষা দিতে আসা আরও পাঁচ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে ১৬টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। ক্যালকুলেটরের ভেতরে মুঠোফোনের সিম বসিয়ে খুদে বার্তা আদান-প্রদানের জন্য ওই ইলেকট্রনিক ডিভাইসগুলো তৈরি করা হয়। গ্রেপ্তার ও আটক ব্যক্তিরা গতকাল বিকেলের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করার প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগেই সকাল নয়টার দিকে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের ধরে ফেলে।
বেলা একটার দিকে জালালাবাদ থানায় এ নিয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ। সংবাদ সম্মেলনে সিলেট মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নুরুল হুদা আশরাফী ও জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জালিয়াতির প্রক্রিয়া ও তাঁদের আটকের বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
নুরুল হুদা আশরাফী ও আখতার হোসেন সংবাদ সম্মেলনে জানান, ক্যালকুলেটরে সিম ব্যবহার করে পরীক্ষার হলের বাইরে থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের উত্তর সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছিলেন ইশাত ও আল আমিন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। ভর্তি পরীক্ষার এক সপ্তাহ আগে থেকেই ওই চক্রের সদস্যরা পুলিশের নজরদারিতে ছিলেন। বগুড়ার ‘গুগল’ নামের একটি কোচিং সেন্টারের মাধ্যমে এ জালিয়াতির প্রস্তুতি নেন তাঁরা। ইশাত ইমতিয়াজ বগুড়ার ওই কোচিং সেন্টারে ক্লাস নেন। ভর্তি জালিয়াতিতে ওই কোচিং সেন্টারটির সংশ্লিষ্টতা রয়েছে। গ্রেপ্তার হওয়া দুজনেরই বাড়ি বগুড়ার সদর উপজেলায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. রাশেদ তালুকদার প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্রের সদস্যরা সারা দেশে বিভিন্ন পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ে সক্রিয় রয়েছেন। বিষয়টি মাথায় রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের সহায়তায় এ চক্রের সদস্যদের ধরতে সচেষ্ট ছিল।