ভর্তি জালিয়াতির অভিযোগে আটক ৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার ভর্তি হতে গিয়ে তাঁরা বিভাগের শিক্ষকদের কাছে ধরা পড়েন।
আটক প্রত্যেকেই কলা ও মানবিকী অনুষদে মেধাতালিকায় স্থান পেয়েছেন। তাঁরা হলেন মো. আল আমিন, মো. শাহরিয়ার কবির ও হাসিন ওয়াহিদুল তুষার।
অনুষদ সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় মো. আলামিন পঞ্চম, মো. শাহরিয়ার কবির ১৪তম ও হাসিন ওয়াহিদুল তুষার ৪৩তম হয়েছেন। এর মধ্যে শাহরিয়ার কবির ও হাসিন ওয়াহিদুল সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে এবং মো. আল আমিন দর্শন বিভাগে ভর্তি হতে যান। এ সময় বাড়তি সতর্কতা হিসেবে গতকালও তাঁদের হাতের লেখা যাচাই করেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকেরা। তবে তাঁদের হাতের লেখা মেলেনি। এর মধ্যে হাসিন ওয়াহিদুলের উত্তরপত্রে দেওয়া মুঠোফোন নম্বরটিও তাঁর নিজের নয়।
গতকাল রোববার রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক তিনজনকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয়ে রাখা হয়েছিল। প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত সাহা বলেন, প্রক্টর কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশে সোপর্দ করা হবে।